পপ তারকা শাকিরার আসন্ন কনসার্টকে ঘিরে চরম উন্মাদনার মাঝেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ব্রাজিলে শাকিরার শোয়ের জন্য মঞ্চ প্রস্তুত করার সময় গুরুতর আহত হয়ে মৃত্যু হল এক নির্মাণকর্মীর। 

 সূত্রের খবর,  ঘটনাটি ঘটেছে রবিবার ২৬ এপ্রিল বিকেলে। কনসার্টের জন্য বিশালাকার মঞ্চ ও কাঠামো তৈরির কাজ চলছিল। স্টেট ফায়ার ব্রিগেডের তরফ থেকে জানানো হয়েছে, একটি লিফটিং সিস্টেম বা ভারোত্তোলন যন্ত্র ব্যবহার করার সময় ওই কর্মীর শরীরের নিচের অংশ মারাত্মকভাবে পিষে যায়। 

দমকল এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই উপস্থিত অন্যান্য সহকর্মীরা তাঁকে ওই যন্ত্রের নিচ থেকে উদ্ধার করেন।
আয়োজকদের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়ে এই দুর্ভাগ্যজনক ঘটনার কথা স্বীকার করে নেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, "দুর্ঘটনার পর ফার্স্ট রেসপন্ডাররা ঘটনাস্থলেই তাঁকে প্রাথমিক চিকিৎসা পরিষেবা দিয়েছিলেন। অবিলম্বে দমকল বিভাগকে খবর দেওয়া হয়। দ্রুত তাঁকে মিগুয়েল কৌটো মিউনিসিপ্যাল হাসপাতালে (Miguel Couto Municipal Hospital) নিয়ে যাওয়া হয়, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।" আয়োজক সংস্থা আরও জানিয়েছে যে, তারা ওই কর্মীর পরিবারের পাশে রয়েছেন মানসিক এবং আর্থিক ভাবে৷ সোশ্যাল মিডিয়ায় এই দুর্ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে।