সংবাদসংস্থা, মুম্বই: টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----

প্রয়াত ডলি
সার্ভাইকাল ক্যানসারে প্রয়াত হলেন হিন্দি টেলিভিশনের অভিনেত্রী ডলি সোহি। বয়স হয়েছিল মাত্র ৪৭ বছর। ‘ঝনক’ এবং ‘ভাবি’ ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী মাস ছয়েক আগে মারণরোগে আক্রান্ত হন। তাঁর মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই জন্ডিসে মৃত্যু হয় তাঁর বোন আমনদীপ সোহির। আমনদীপও ছিলেন টেলিভিশনের অভিনেত্রী। 

গোপন জয়া
তারকাদের জীবনের সবটাই কি হাটখোলা? মোটেই না! যেমন জয়া বচ্চন। প্রবীণ অভিনেত্রীর একটি গোপন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে। তাতে তিনি ফলো করেন শুধুমাত্র পরিবারের সদস্যদের। নাতনি নভ্যা নভেলির পডকাস্ট শো-তে এসে হাটে হাঁড়ি ভাঙলেন জয়ার কন্যা শ্বেতা বচ্চন। 

রণবীরের ‘রামায়ণ’
সদ্য শোরগোল ফেলেছে তাঁর ‘অ্যানিমাল’। তার পরেই চর্চার কেন্দ্রে রণবীর কাপুরের নতুন কাজ, ‘রামায়ণ ট্রিলজি’। তিন পর্বের ছবিতে কী ভাবে ভাগ করা হবে মহাকাব্যকে? শোনা যাচ্ছে প্রথম পর্ব শেষ হবে সীতা হরণে। দ্বিতীয় পর্বে রাম-লক্ষ্ণণের সঙ্গে বানরসেনার আলাপ এবং রামসেতু নির্মাণ। রাম-রাবণের যুদ্ধ দেখতে অপেক্ষা করতে হবে শেষ পর্ব পর্যন্ত। 

রাহার দেখভাল
ছোট্ট রাহাকে কী ভাবে বড় করছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট? সম্প্রতি তা নিয়ে কথা বললেন মা আলিয়া। জানালেন, মেয়ের দেখভালের দায়িত্ব ভাগাভাগি করে নিয়েছেন তিনি ও রণবীর। তাঁরা ঠিক করেছেন, কোনও এক জন সব সময়ে থাকবেন মেয়ের কাছে। আলিয়া কাজে বাইরে থাকলে মেয়েকে সামলাবেন রণবীর। বাবা বাইরে থাকলে মেয়ে থাকবে মায়ের কাছে।