আগামী ২৮ মে দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা ভারত-আফ্রিকার চতুর্থ শীর্ষ সম্মেলন স্থগিত করা হয়েছে। কারণ, আফ্রিকার একাধিক দেশে ইবোলা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে। বুধবার কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত এক বিবৃতি সূত্রে খবর তেমনটাই।
2
8
আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ইবোলা সংক্রমণ নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের দক্ষিণ কিভু প্রদেশে সাম্প্রতিক সংক্রমণের খবর পরিস্থিতিকে আরও গুরুতর করে তুলেছে।
3
8
ভারত ও আফ্রিকান ইউনিয়নের মধ্যে আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই পক্ষই জানিয়েছে, জনস্বাস্থ্য সংক্রান্ত প্রস্তুতি এবং সংক্রমণ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা জরুরি বলে তাঁরা মনে করছেন।
4
8
সরকারি সূত্রে খবর, সম্মেলনের নতুন দিনক্ষণ পরে আলোচনার মাধ্যমে ঠিক করা হবে।
5
8
ভারতে এখনও পর্যন্ত ইবোলা সংক্রমণের কোনও ঘটনা সামনে আসেনি। তবুও বিশ্ব স্বাস্থ্য সংস্থা মধ্য আফ্রিকার কিছু অঞ্চলে ইবোলা পরিস্থিতিকে আন্তর্জাতিক উদ্বেগের কারণ হিসাবে চিহ্নিত করার পরেই ভারত সরকার সতর্কতা বাড়িয়েছে।
6
8
ইবোলা একটি অত্যন্ত বিপজ্জনক ভাইরাসজনিত রোগ। এটি মানুষের শরীরে দ্রুত সংক্রমণ ছড়াতে পারে এবং অনেক ক্ষেত্রে মৃত্যুও ঘটাতে পারে। এই রোগ সাধারণত আক্রান্ত মানুষ বা প্রাণীর শরীরের রক্ত, ঘাম, লালা, বমি বা অন্যান্য শরীরের তরলের সংস্পর্শে এলে ছড়ায়। বিশেষ করে বাদুড়কে এই ভাইরাসের প্রধান বাহক বলে মনে করা হয়।
7
8
এই রোগের ভয়াবহতার কথা ভেবে সরকারের তরফ থেকে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিমানবন্দর-সহ বিভিন্ন জায়গায় নজরদারি, স্বাস্থ্য পরীক্ষা, কোয়ারান্টিন এবং চিকিৎসা ব্যবস্থাকে তৈরি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
8
8
এই রোগের জন্য দায়ী ‘বান্ডিবুগিও’ নামের একটি বিশেষ ভাইরাস। এই ধরনের ভাইরাস সচরাচর দেখা যায় না। এর আগে ২০১৪ থেকে ২০১৬ সালে পশ্চিম আফ্রিকায় ভয়াবহ ইবোলা ছড়িয়েছিল ‘জায়ার’ নামের একটি স্ট্রেন।