আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
জীবনের অন্ধকার অধ্যায় নিয়ে অকপট ত্রিশলা
অভিনেতা সঞ্জয় দত্তের মেয়ে ত্রিশলা দত্ত বরাবরই লাইমলাইট থেকে দূরে নিজের মতো করে জীবন কাটাতে ভালবাসেন। পেশায় নিউ ইয়র্কের একজন রেজিস্টার্ড সাইকোথেরাপিস্ট ত্রিশলা সম্প্রতি ‘ইনসাইড থটস আউট লাউড’ নামক একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানেই নিজের জীবনের এক অন্ধকার অধ্যায় নিয়ে খোলামেলা আলোচনা করেছেন তিনি। শৈশবে মায়ের মৃত্যু, একাকীত্ব, বর্ণবাদ, অতিরিক্ত ওজন বৃদ্ধি এবং তারকা সন্তান হওয়ার কারণে মানুষের কটুক্তির শিকার হওয়া-এই সব কিছু নিয়েই মুখ খুলেছেন তিনি। ত্রিশলার মা রিচা শর্মা তথা সঞ্জয় দত্তের প্রথম স্ত্রী ১৯৯৬ সালে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা যান। তখন ত্রিশলার বয়স ছিল মাত্র ৮ বছর। মায়ের অসুস্থতা ও মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। আর সেখান থেকেই তাঁর ওজন বাড়তে শুরু করে। হাইস্কুলে ওঠার পর যখন সবাই জানতে পারে তিনি সঞ্জয় দত্তের মেয়ে, তখন পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তারকা সন্তান হওয়ার কারণে মানুষের প্রত্যাশা অনেক বেশি ছিল, যা তাঁর ওপর মানসিক চাপ তৈরি করে।
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর
অভিনেতা রণবীর কাপুর মুম্বইয়ে বান্দ্রার পুরনো ফ্ল্যাট ভাড়া দিলেন। আগামী ৫ বছরের জন্য ফ্ল্যাটটি লিজ দেওয়া হয়েছে, যার মাসিক ভাড়া শুনলে সাধারণ মানুষের চোখ কপালে উঠতে বাধ্য। প্রতি মাসে এই ফ্ল্যাটের জন্য ভাড়াটেকে গুনতে হবে ১১ লাখ টাকা। বিটাউন সূত্রের খবর, ২০২৬ সালের ১৯ মে এই ভাড়ার চুক্তিপত্রটি আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রি করা হয়েছে। আদিত্য শুক্লা নামের এক ব্যক্তি ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন।এই ফ্ল্যাটেই জীবনের অন্যতম সময় কাটিয়েছেন রণবীর। আলিয়া ভাটের সঙ্গে প্রেম পর্বের একটা বড় সময় তিনি এখানেই ছিলেন এবং ২০২২ সালের এপ্রিল মাসে এই ফ্ল্যাটের বারান্দাতেই রণনিয়ার য়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। বর্তমানে এই ফ্ল্যাট ছেড়ে রণবীর, আলিয়া তাঁদের কন্যাসন্তান রাহা কাপুরকে নিয়ে নতুন ঠিকানায় চলে গেছেন। তাঁরা এখন থাকছেন কাপুর পরিবারের ঐতিহ্যবাহী আদি বাড়ি 'কৃষ্ণ রাজ বাংলো'-তে। বেশ কয়েক বছর ধরে নতুন করে সংস্কার করার পর ২০২৫ সালে এর কাজ শেষ হয়।
ডেভিড ধাওয়ানের মন্তব্যে মুখ খুললেন রাকেশ বেদী
পরিচালক ডেভিড ধাওয়ানের 'হিরো নম্বর ১' বা 'জোড়ি নম্বর ১'-এর মতো বহু হিট ছবিতে অভিনয় করেছিলেন রাকেশ বেদী। সম্প্রতি ডেভিড ধাওয়ান আক্ষেপের সুরে রাকেশ বেদীকে বলেছিলেন, "চল বদল গয়ে হ্যায়" অর্থাৎ, ইন্ডাস্ট্রির দিনকাল এখন বদলে গিয়েছে। আগে যেভাবে সিনিয়র অভিনেতারা সহজে কাজ পেতেন, এখন আর তেমনটা হয় না। ডেভিড ধাওয়ানের এই কথায় অবশ্য একেবারেই ভেঙে পড়েননি রাকেশ। তিনি বেশ ইতিবাচকভাবে জবাব দেন, "আমি খুব ভাল করেই জানি আমি কে, আর অভিনেতা হিসেবে আমার ক্ষমতা কতটা। হ্যাঁ, এটা সত্যি যে সময় বদলে গিয়েছে এবং সিনেমার দুনিয়ায় কাজ করার ধরনও পাল্টেছে। কিন্তু তার মানে এই নয় যে আমাদের মতো অভিনেতাদের গুরুত্ব কমে গেছে।" রাকেশ বেদী জানান, আজকাল কাস্টিং ডিরেক্টররা অনেক সময় অভিনয় দক্ষতার চেয়ে সোশ্যাল মিডিয়ায় কার কত ফলোয়ার্স, সেটা দেখে চরিত্র দেন। ইন্ডাস্ট্রির নিয়ম পাল্টালেও নিজের অভিনয় আর অভিজ্ঞতা নিয়ে আজও পুরোপুরি আত্মবিশ্বাসী ‘ধুরন্ধর’-এর অভিনেতা।















