টেলিভিশন দুনিয়ার অন্যতম চর্চিত ও জনপ্রিয় জুটি করণ কুন্দ্রা এবং তেজস্বী প্রকাশ। ভক্তরা ভালবেসে তাঁদের ডাকেন ‘তেজরান’ নামে। সম্প্রতি এই জুটির অটুট প্রেমে নাকি চিড় ধরাতে এসেছিলেন করণের প্রাক্তন প্রেমিকা আনুশা দান্দেকর। কিন্তু মোক্ষম জবাবে সেই প্রসঙ্গে জল ঢেলেছেন তেজস্বী।
সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়েছিলেন আনুশা দান্দেকর। সেখানে তিনি নাম না করে করণের বিরুদ্ধে সম্পর্কে থাকাকালীন প্রতারণার গুরুতর অভিযোগ তোলেন। আনুশা দাবি করেন, একটি ডেটিং অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন করণ। সেসময় অভিনেতা নাকি মুম্বইয়ের একাধিক মেয়ের সঙ্গে অ্যাপে কথা বলতেন এবং তাঁকে ঠকিয়েছেন। এই খবর ছড়াতেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়।
আনুশার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন করণ। তবে সকলকে চমকে দিয়ে আসরে নামেন করণের বর্তমান প্রেমিকা তেজস্বী প্রকাশ। কাদা ছোঁড়াছুড়ির নোংরা খেলায় না গিয়ে, মার্জিত উপায়ে এই প্রসঙ্গে জবাব দেন তিনি। করণের জন্মদিনে বেশ কিছু রোমান্টিক ছবি পোস্ট করে তেজস্বী ক্যাপশনে লেখেন, "এখন সে কেবল একটাই রাইট সোয়াইপ করে। আমার স্বপ্নের মানুষটিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।"
ডেটিং অ্যাপের পরিভাষা ‘রাইট সোয়াইপ’ ব্যবহার করে তেজস্বী বুঝিয়ে দিয়েছেন, করণের জীবনে এখন কেবল তিনিই আছেন এবং অতীতের এসব সস্তা অভিযোগে তাঁদের কিছু আসে যায় না। প্রেমিকার এই বুদ্ধিদীপ্ত জবাবে খোদ করণও মজার ছলে জবাব দেন।
বিতর্ক তো একপাশে, অন্যদিকে এই জুটি কিন্তু প্রেমের সাগরে ভাসছেন। ওটিটি রিয়্যালিটি শো ‘ডেসি ব্লিং’-এর সাম্প্রতিক পর্বে করণের অতীতের এই সম্পর্ক নিয়ে তেজস্বীকে প্রশ্ন করা হলে তিনি সাফ বলেন, "আমাদের সকলেরই একটা অতীত থাকে। সে প্রতারণা করেছে কি করেনি, সেটা আমি নিশ্চিত জানি না। কারণ করণ নিজে আমাকে সবটা বলেছে। ও বিশ্বাস করে দুনিয়া কী জানল তাতে কিছু যায় আসে না, আসল সত্যিটা আমার জানা উচিত।"
শুধু তাই নয়, এই শো-তেই সব জল্পনার অবসান ঘটিয়ে হিরের আংটি দিয়ে তেজস্বীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন করণ! আর ঠিক এই রোমান্টিক মুহূর্তের পরেই আনুশা ইনস্টাগ্রামে একটি রহস্যময় পোস্ট করে লিখেছেন, “আমি ভগবানকে ধন্যবাদ জানাচ্ছি।"















