আজকাল ওয়েবডেস্ক: রাজ্যসভা ভোটের আগে চরম অস্বস্তিতে সমাজবাদী পার্টি। উত্তর প্রদেশে রাজ্যসভার ১০ টি আসন রয়েছে। তবে রাজ্যসভা ভোটের আগেই দল ছাড়লেন সমাজবাদী পার্টির মুখ্যসচেতক তথা উনচারের বিধায়ক মনোজ কুমার পাণ্ডে। এর পাশাপাশি নৈশভোজের অনুষ্ঠানেও অনুপস্থিত ছিলেন ৮ জন বিধায়ক। ফলে ক্রস ভোটিংয়ের সম্ভাবনা বাড়ল। এই ঘটনার ফলে লোকসভা নির্বাচনের আগে কিছুটা চিন্তা বাড়ল অখিলেশের দলের। ইতিমধ্যেই কংগ্রেসের সঙ্গে জোট করে ৬৩ টি আসনে লড়বে বলে ঘোষণা করা হয়েছে। এবিষয়ে অখিলেশ যাদব বলেন, নৈশভোজের অনুষ্ঠানে না থাকার পরই এই বিধায়কদের নিয়ে চিন্তা ছিল। তাঁদেরকে হয়তো মোটা অর্থের প্যাকেজের লোভ দেখানো হয়েছে। বিজেপি এই কায়দায় সমাজবাদী পার্টিকে কায়দা করতে চাইছে। তবে সমাজবাদী পার্টির কোনও সমস্যা নেই। যারা বিজেপিতে যেতে চাইছেন যেতে পারেন। প্রসঙ্গত, চলতি বছরে রাজ্যসভায় ৫৬ টি আসন খালি হয়। এর মধ্যে ৪১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করেছেন। বাকি আসনের মধ্যে ১০ টি আসন রয়েছে উত্তর প্রদেশে, কর্ণাটকরে রয়েছে ৪ টি আসন এবং হিমাচল প্রদেশে রয়েছে একটি আসন। উত্তর প্রদেশে ১০ টি আসনের মধ্যে ১১ প্রার্থী রয়েছেন। সেখানে ৮ টি আসনে বিজেপির প্রার্থী রয়েছে। বাকি তিনটি আসনে লড়ছে প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি। বিজেপি আটটি আসনেই জয়ের বিষয়ে আশাবাদী।
WHIP: রাজ্যসভা নির্বাচনের আগেই দল ছাড়লেন সমাজবাদী পার্টির মুখ্য সচেতক, অস্বস্তিতে অখিলেশ
















