আজকাল ওয়েবডেস্ক: বয়স মাত্র তিন বছর। এই বয়সেই গণধর্ষণের শিকার এক শিশুকন্যা। অভিযোগের তির নিজের কাকা ও তাঁর বন্ধুদের বিরুদ্ধে। নৃশংস এই ঘটনায় আঁতকে উঠেছে পুলিশ। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে পাটনায়। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। নির্যাতিতা শিশুকন্যার মা জানিয়েছেন, শুক্রবার রাতে সে ঘুমিয়ে পড়েছিল। আচমকাই তার কাকা এবং তাঁর দুই বন্ধু তাকে তুলে নিয়ে চলে যায় বাড়ি থেকে ৫০০ মিটার দূরের মাঠে। 

শিশুকন্যার মা আরও জানিয়েছেন, অভিযুক্ত কাকা মাদকাসক্ত। নিত্যদিন নেশাগ্রস্ত থাকেন। ঘটনার রাতেও নেশার ঘোরে নিজের ভাইঝিকে তুলে নিয়ে যান। মাঠের মধ্যেই ভাইঝিকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে কাকা ও তাঁর দুই বন্ধুর বিরুদ্ধে। 

শিশুকন্যার চিৎকার শুনেই স্থানীয়রা প্রথমে ছুটে এসেছিলেন। সকলের সন্দেহ ছিল, কেউ হয়তো শিশু পাচার করছেন। স্থানীয়রা আসার আগেই তিন অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যান। মাঠ থেকে শিশুকন্যাকে উদ্ধার করে পাটনার এক সরকারি হাসপাতালে নিয়ে যায় পরিবার। বর্তমানে সেখানেই সে চিকিৎসাধীন রয়েছে। 

পুলিশ জানিয়েছে, গণধর্ষণের অভিযোগ দায়ের করার কয়েক ঘণ্টা পরেই অভিযুক্ত কাকা এবং তাঁর এক বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত আরও একজনের খোঁজে তল্লাশি অভিযান চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় এবং পকসো ধারায় মামলা রুজু করেছে পুলিশ। 

গত বছরের শেষেই এমন আরেকটি ঘটনা ঘটেছিল। জ্যেঠুর যৌন লালসার শিকার হয়েছিল সদ্যোজাত ভাইঝি। খেলাধুলার অজুহাতে ফাঁকা ঘরে সদ্যোজাতকে ধর্ষণের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ঘটনার সময় অভিযুক্ত যুবক মত্ত অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছিল। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছিল মধ্যপ্রদেশের মোরেনা জেলায়। পুলিশ জানিয়েছিল, মঙ্গলবার মত্ত অবস্থায় তিন মাসের ভাইঝিকে ধর্ষণের অভিযোগ উঠেছিল ৩০ বছরের যুবকের বিরুদ্ধে। অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিল ওই সদ্যোজাত কন্যা। পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছিল অভিযুক্ত যুবককে। 

পুলিশ আধিকারিক সুরেন্দ্র প্রতাপ সিং জানিয়েছিলেন, অভিযুক্ত যুবক সম্পর্কে নির্যাতিতার জ্যেঠু হন। নির্যাতিতার বাবার তুতো দাদা ওই যুবক। দুই পরিবার এক বাড়িতেই থাকে। স্টেশন রোড থানার অন্তর্গত একটি এলাকায় তাঁদের বাড়ি। 

মঙ্গলবার সন্ধ্যায় মত্ত অবস্থায় ছিলেন অভিযুক্ত যুবক। তিন মাসের সদ্যোজাত ভাইঝির সঙ্গে খেলাধুলার অজুহাতে তাকে ফাঁকা ঘরে নিয়ে গিয়েছিলেন। সেখানেই সদ্যোজাত ভাইঝিকে ধর্ষণ করেন যুবক। সদ্যোজাতর কান্নাকাটির পরেই বিষয়টি টের পান বাড়ির লোকজন। 

পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরপর গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার এবং পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে।