ভোটের টানে ঘরে ফেরা। এদিকে পকেটের টান। সব উপেক্ষা করেই মরিয়া কেরালার প্রবাসীরা। আগামী ৯ এপ্রিল কেরালা বিধানসভার হাইভোল্টেজ নির্বাচন। আর সেই ভোটে অংশ নিতে দুবাই, আবুধাবি থেকে কেরালা যাওয়ার এক একটি টিকিট ছুঁয়েছে প্রায় ৯ হাজার দিরহাম। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ লক্ষ ৩০ হাজার টাকা।
2
8
সাধারণত নির্বাচনের সময় কেরালায় প্রবাসীদের ফেরার ঢল নামে। এবার বিমানের চড়া দামে নাজেহাল। সূত্রের খবর, অত্যধিক ভাড়ার কারণে উপসাগরীয় দেশগুলি থেকে এবার ভোটারদের উপস্থিতি কিছুটা কম হতে পারে।
3
8
এবারের লড়াই মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের কাছেও সম্মানের। তাঁর নেতৃত্বে টানা তৃতীয়বার সরকার গড়তে মরিয়া বামেরা।
4
8
এই পরিস্থিতিতে চাঙ্গানাচেরির বাসিন্দা ৪০ বছরের রয় জর্জ যেমন দীর্ঘ ১০ বছর পর ব্রিটেন থেকে ফিরেছেন। মূলত অসুস্থ মায়ের সেবা করতেই তাঁর ফেরা। রয় জানালেন, ভোট দেওয়ার ইচ্ছে থাকলেও বিদেশে আর দেশের বেতনের ফারাক এতটাই বেশি যে, মানুষ বাধ্য হয়েই বাইরে চলে যাচ্ছে।
5
8
শুধু তাই নয়, নতুন প্রজন্ম বিদেশের জীবনে অভ্যস্ত হয়ে পড়ায় ঘরে ফেরার টানও ক্রমশ কমছে। মধ্য বা দক্ষিণ কেরালার অনেক বাড়িতেই এখন শুধু বয়স্ক বাবা-মায়েরা পড়ে আছেন। ঘরের দরজায় তালা ঝুলছে৷
6
8
রাজ্যের এই 'ব্রেন ড্রেন' নিয়ে উত্তাল নির্বাচনী প্রচারও। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছেন, কেরালাতেই কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এনডিএ সরকার। অন্যদিকে কংগ্রেসের দাবি, রাজ্যে উপযুক্ত পরিবেশ না থাকাতেই মেধাবীরা বাইরে চলে যাচ্ছে। শাসকদল এলডিএফ-ও ঘরে ঘরে চাকরির গ্যারান্টি দিচ্ছে।
7
8
বিশেষজ্ঞদের মতে, কেরালা থেকে প্রায় ২৫ লক্ষ মানুষ বিদেশে কাজ করেন। অথচ মজার বিষয় হলো, কাজের খোঁজে ভিন রাজ্য থেকে প্রায় ৩৫ লক্ষ মানুষ আবার কেরালায় আসছেন।
8
8
অর্থাৎ, কাজ নেই তা নয়, বরং বিদেশের লোভনীয় বেতনই মানুষকে ঘরছাড়া করছে। ফলস্বরূপ এই নির্বাচনের মরশুমে নিজেদের ঘরে ফিরতে গিয়ে হিমশিম খাচ্ছেন প্রবাসীরা।