আজকাল ওয়েবডেস্ক: ২০২৪-এর ভোটেও প্রার্থী হয়েছিলেন বামেদের হয়ে। নিজে প্রার্থী হয়েছেন। লাল ঝান্ডার প্রার্থীদের হয়ে টানা প্রচার করেছেন। সেই প্রতীক উর সিপিএম ছেড়ে ভাষাদিবসেই 'জয় বাংলা' বলে তৃণমূলে যোগও দিয়েছেন। আর একেবারে মার্চের শেষে, সিপিএম ঘুরে আসা প্রতীক উর, তৃণমূলের প্রার্থীর হয়ে প্রচার করছেন। যদিও তাঁর দল বদলে অনেকেই ভেবেছিলেন, এই ভোটে প্রার্থী হতেই তিনি দল বদলেছেন। তবে প্রতীক উর আগেই জানিয়েছিলেন, আপাতত মন দিতে চান সংগঠনে। দলে এসেই মমতার ধরনা মঞ্চে বক্তব্যের সুযোগ পেয়েছেন।। এবার সোজা প্রচারে।

এত দিনের অভ্যাস বদলে, তৃণমূলের হয়ে প্রচার। স্লোগান বদলে গেল, অভ্যস্থ হয়ে গেলেন?

প্রতীক উর: হ্যাঁ।

 

কিন্তু এতদিন তো প্রচারে বেরিয়ে বলেছেন, তৃণমূল চোর, ডাকাতের দল, লুঠবাজ। এখন তাদের হয়েই প্রচারে...

প্রতীক উর: এতদিন চোর ডাকাত বলে কী পেয়েছি, শূন্য। এখন বরং মানুষকে বোঝানোর চেষ্টা করছি যারা মানুষের জন্য কাজ করেছে, তাদের কথাই। বলছি উন্নয়নের কথা। প্রকল্পের কথা। 

 

কিন্তু এই এতদিন বামেদের কথা বলেছেন, এখন তৃণমূলের কথা বলছেন, তাতে নেতা প্রতীক উরের গ্রহণ যোগ্যতা কমে যাচ্ছে না? মানুষ আপনার কথায় ভরসা করবে কেন?


প্রতীক উর: করবে। কারণ মানুষ বুঝতে পারছে, আমি সঠিক দলের জন্য কথা বলছি। তাদের কথা পৌঁছে দিচ্ছি, যারা মানুষের জন্য উন্নয়নের কাজ করেছে গত ১৫ বছর ধরে। মানুষ সেই কারণেই আমার কথায় ভরসা করবে। 

 

ভাষাদিবসে জল্পনা সত্যি করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হাত থেকে পতাকা নিয়েছিলেন এক সময়ের বাম নেতা প্রতীক উর রহমান। তখন জল্পনা ছড়িয়েছিল, বিধানসভা ভোটের টিকিটের জন্যই তিনি গিয়েছেন তৃণমূল কংগ্রেসে। যদিও শুরু থেকেই প্রতীক উর বলেছিলেন, টিকিটের লোভে নয়, তাঁর দলত্যাগের মূল কারণ, নিজের পুরনো দলের  প্রতি ক্ষোভ, বিরক্তি। মূলত তিতিবিরক্তির পরিবেশ থেকে মুক্তি পেতেই, তিনি দল ছেড়েছেন। 

দিনকয়েক আগেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করেন খোদ মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। সেদিনই বোঝা যায়, ২৯৪ আসনের প্রার্থী তালিকায় নাম নেই সদ্য দল বদল করে আসা প্রতীক উর রহমান। যদিও এর মধ্যে তিনটি আসনে সমঝোতায় লড়বে তৃণমূল। কিন্তু বাকি ২৯১ প্রার্থীর  তালিকায়  নাম না তুলে, এবার যেন, সুযোগ পান, 'অপবাদ' খণ্ডানোর। আজকাল ডট ইন যোগাযোগ করলে, প্রতীক উর বলছিলেন,  'আমি টিকিটের জন্য আসিনি।' বলছেন, 'আমি তো রাজনীতিতে আনপ্রেডিক্টেবল হতে চেয়েছি।'