আজকাল ওয়েবডেস্ক: বৈভব সূর্যবংশী নজর কেড়েছেন বিশ্ব ক্রিকেটে। তাঁকে নিয়ে চলছে চর্চা। ওয়াঘার ওপারও ১৫ বছরের কিশোরকে নিয়ে সমান উত্তেজিত। মাঠে নামলেই তাঁর ব্যাট যেন সূর্যের মতোই আলো ছড়ায়। প্রতিটি শট হয়ে ওঠে তাঁর নামেরই স্বাক্ষর। সেই দীপ্তি চোখ এড়ায়নি প্রাক্তন পাকি তারকাদের। তাই এখন থেকেই কেউ ভবিষ্যতের কথা ভেবে শঙ্কিত। বলছেন, পঁচিশ বছর হলে যে কী করবে ছেলেটা। আর বাসিত আলির মতো প্রাক্তন তারকা তো সূর্যবংশীর নামই দিয়ে দিলেন আদর করে। 

বাসিত তাঁকে ডেকেছেন নতুন নামে। বাবলু। নামটা ছোট, সহজ, একরকম আপন। বৈভব সূর্যবংশী বোলারদের রাতের ঘুম কেড়ে নেন। সেখানে বাবলু এক ঘরোয়া স্নেহের ডাক। এই নামের মধ্যে নেই কোনও দূরত্ব, নেই প্রতিযোগিতার কড়াকড়ি। আছে শুধুই মায়া, ভালবাসা আর স্বীকৃতি।

ক্রিকেটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকে, থাকে জয়ের তীব্র আকাঙ্ক্ষা। তবুও কখনও কখনও মানবিকতার এক কোমল স্রোত সব হিসেব ছাপিয়ে যায়। সেই স্রোতেই ভেসে আসে এমন নাম, যা একজন খেলোয়াড়কে শুধুই প্রতিপক্ষ নয়, মানুষ হিসেবেও আলাদা করে চেনায়।

বৈভবের তাই বাবলু হয়ে ওঠা শুধু নাম বদল নয়, এক অনুভবের রূপান্তরও বটে। তাঁর এই নতুন নামের মাধ্যমে আরও যেন কিশোর তারকাকে কাছে টেনে নিলেন বাসিত। এবারের আইপিএলে বৈভবের প্রথম ম্যাচ দেখার পরে তাঁকে 'বাবলু' নাম দেন প্রাক্তন পাক তারকা। 

আরেক পাক তারকা কামরান আকমল বলেন, ''মাত্র ৮টি আইপিএল ম্যাচেই সূর্যবংশী রেকর্ড গড়েছে। ইতিমধ্যেই শতরান করেছে। আমার মনে হয়, আইপিএল শেষ হলে ভারতের আসন্ন আন্তর্জাতিক ম্যাচগুলোতে সুযোগ পাবে সূর্যবংশী। টি-টোয়েন্টি দলে তরুণ খেলোয়াড় হিসেবে জায়গা করে নেবে। প্রতিটি ক্ষেত্রে নিজেকে প্রমাণ করেছে বৈভব। এই পারফরম্যান্স ধরে রাখতে পারলে অবশ্যই জাতীয় দলে সুযোগ পাবে বৈভব।'' 

১৫ বছর বয়সী বৈভবের প্রশংসা করে আকমল বলেন, ''ওর উপস্থিত বুদ্ধি, ম্যাচ পরিস্থিতি বোঝার ক্ষমতা এবং খেলার ধরন, এত অল্প বয়সে বৈভব কিন্তু নজর কেড়ে নিয়েছে। আমরা বৈভবের পারফরম্যান্স নিয়ে বেশি আলোচনা করছি কারণ ম্যাচটি ছিল খুবই কম স্কোরের।'' 

আকমল আরও বলেন, সূর্যবংশীর এই সাফল্যের পিছনে ওর পরিবারের বড় ভূমিকা রয়েছে। আকমল আশঙ্কার কথাও শুনিয়েছেন, তিনি বলেছেন, ''আমি ভয় পাচ্ছি, যখন ওর বয়স ২৫ হবে, তখন বোলাররা বুঝতেই পারবে না কীভাবে বৈভবকে সামলাতে হবে।''