নিতাই দে, আগরতলা: নাবালিকাকে গণধর্ষণ। অভিযোগের ২৪ ঘন্টার মধ্যেই পুলিশের তৎপরতায় গ্রেপ্তার তিন অভিযুক্ত। লক্ষীপূজার রাতে মুংগিয়াকামি থানাধীন এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার বিবরণে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসুন কান্তি ত্রিপুরা জানান, লক্ষীপূজার রাতে মুংগিয়াকামি থানা এলাকার  দুই জনজাতি  নাবালিকা ও এক নাবালক ছেলে পুজোর প্রসাদ খেয়ে বাড়ি ফিরছিল। ঠিক সেই সময় এলাকার তিন যুবক রাস্তায় তাদের আটকায়। ভয় দেখিয়ে এদের মধ্যে একটি মেয়েকে তুলে নিয়ে যায়। অভিযোগ, সেখানেই নাবালিকাকে গণধর্ষণ করা হয়। পরিবারের সদস্যরা ঘটনা জানতে পেয়ে মুংগিয়াকামি থানায় অভিযোগ দায়ের করে। খবর পেয়ে ঘটনাস্থলে যান তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক।পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত তিন যুবককে আটক করতে সক্ষম হয়। অভিযুক্ত তিন যুবকের বাড়ি গয়াংফাং, কল্যান পুরে। সোমবার তাদের আদালতে তোলা হবে।