আজকাল ওয়েবডেস্ক: পাঁচ দেশ সফরের শেষ পর্বে মঙ্গলবার ইতালিতে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোমের ঐতিহাসিক কলোসিয়ামে মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানালেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
কলোসিয়ামের গ্যালারিতে মোদির সঙ্গে তোলা একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করে মেলোনি তাঁকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “রোমে স্বাগত, আমার বন্ধু।”
নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস এবং সংযুক্ত আরব আমিরশাহি ঘুরে সফরের পঞ্চম তথা শেষ দফায় ইতালিতে পা রাখলেন মোদি। বর্তমানে ভারত ও ইতালির দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ মজবুত। দুই দেশই ‘যৌথ কৌশলগত কর্মপরিকল্পনা ২০২৫-২০২৯’ অনুযায়ী বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, পরিবেশবান্ধব শক্তি ও প্রযুক্তির মতো একাধিক ক্ষেত্রে একসঙ্গে কাজ করছে।

একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালে দুই দেশের বাণিজ্য দাঁড়িয়েছে ১,৬৭৭ কোটি ডলারে। ২০০০ থেকে ২০২৫ সালের মধ্যে ভারতে ইতালির মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ৩৬৬ কোটি ডলার।
এই সফর প্রসঙ্গে মোদি জানান, ভারত ও ইতালির সম্পর্ক আরও জোরদার করাই তাঁর প্রধান লক্ষ্য। সফরে তিনি ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠকে বসবেন। জানা গিয়েছে, এর পাশাপাশি, বিশ্ব খাদ্য সুরক্ষায় ভারতের দায়বদ্ধতার কথা তুলে ধরতে রাষ্ট্রপুঞ্জের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরেও যাবেন তিনি।
এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “আমি রোমে পৌঁছেছি। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করব। এই সফরে ভারত-ইতালি সম্পর্কের পাশাপাশি ‘ভারত-পশ্চিম এশিয়া-ইউরোপ অর্থনৈতিক করিডোর’ (আইএমইসি)-এর ওপর বিশেষ জোর দেওয়া হবে। সেই সঙ্গে দুই দেশের যৌথ কর্মপরিকল্পনাও খতিয়ে দেখা হবে।”
এর আগে রোম বিমানবন্দরে নামলে প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানান ইতালির উপ-প্রধানমন্ত্রী আন্তোনিও তাজানি। সেখানে প্রবাসী ভারতীয়দের সঙ্গেও কথা বলেন তিনি। পরে হোটেলে পৌঁছালে তাঁর সম্মানে ধ্রুপদী নাচ ও গানের এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
















