আজকাল ওয়েবডেস্ক: আদালতে তোলা হল রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। বৃহস্পতিবারর দিনভর তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর রাত ৩টা ২০ নাগাদ তাঁকে গ্রেপ্তার করে ইডি। সল্টলেকের বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় সোজা ইডি দপ্তরে। প্রায় ৩ ঘন্টা পর ইডি দপ্তর থেকে রাজ্যের মন্ত্রীকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর শুক্রবার দুপুর দেড়টা নাগাদ তাঁকে নিয়ে যাওয়া হয়েছে ব্যাঙ্কশাল আদালতে। কিছুক্ষণেই শুরু হবে শুনানি। রাজ্যের মন্ত্রীকে হেফাজতে নিতে চাইবে ইডি। সূত্রের খবর, ইডির হাতে এসেছে একগুচ্ছ গুরুত্বপূর্ণ তথ্য। সেই নথি এবং তথ্য আজ আদালতে পেশ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রেশন দুর্নীতি বন্টন মামলায় বাকিবুর গ্রেপ্তার হন কিছুদিন আগে। সূত্রের খবর, আজই বাকিবুর এবং জ্যোতিপ্রিয়কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। জ্যোতিপ্রিয় প্রসঙ্গে আজ আদালত কী নির্দেশ দেয় এখন নজর সেদিকেই। অন্যদিকে রাজ্যের মন্ত্রী গ্রেপ্তার হওয়ার পরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে লিখেছেন, 'এরপর হয়তো মন্ত্রিসভার বৈঠক, বিধানসভার অধিবেশন জেলের মধ্যে ডাকতে হবে।' শুভেন্দুর ওই পোস্টের পাল্টা উত্তর দিয়েছেন কুণাল ঘোষ। তাঁর মতে বিজেপি এবং শুভেন্দু অধিকারী ওয়াশিং মেশিন রাজনীতি করছে। তিনি সমাজ মাধ্যমে আরও লিখেছেন, অন্যথায় শুভেন্দু জেলে থাকতেন, এই ধরণের মিম পোস্ট করতেন না।