আজকাল ওয়েবডেস্ক: চলতি বছরের আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসকে ধরাশয়ী করে আইপিএলের ফাইনালে উঠেছেন বিরাট কোহলিরা। কোয়ালিফায়ার জয়ের কয়েক ঘণ্টা পরেই কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন এক আরসিবি ভক্ত। চিঠিতে তিনি লিখেছেন, এবার আরসিবি আইপিএল জিতলে সেইদিনটাকে যেন গোটা রাজ্যে ছুটি হিসেবে ঘোষণা করা হয়।
বেলগাভি জেলার বাসিন্দা শিবানন্দ মল্লান্নভার নামের ওই ভক্ত মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি চিঠি পাঠিয়ে অনুরোধ করেছেন, আরসিবি যদি এবার চ্যাম্পিয়ন হয়, তবে সেই দিনটিকে আরসিবি ফ্যান ফেস্টিভ্যাল হিসেবে ঘোষণা করা হোক। যেভাবে কর্ণাটক রাজ্যোৎসব পালিত হয় ঠিক সেভাবেই আরসিবির জয়ের দিনটাকেও দেখা হোক। এখানেই চিঠি শেষ হয়নি। ওই ভক্ত চিঠিতে আরও অনুরোধ করেছেন প্রতি বছরই যেন আরসিবির জয়ের দিনটিকে সরকারি ছুটি হিসেবে পালন করার ব্যবস্থা করা হয়। যাতে গোটা রাজ্যের আরসিবি অনুরাগীরা আনন্দ উদযাপন করতে পারেন। রাজ্যের সব জেলায় উৎসব পালনের জন্য প্রশাসনিক স্তরে পর্যাপ্ত প্রস্তুতির দাবিও তুলেছেন তিনি।
এই চিঠির ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা ব্যাপক সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে। অন্যদিকে, মুল্লানপুরের স্টেডিয়ামে যথেষ্ট সংখ্যায় উপস্থিত ছিলেন আরসিবি ভক্তরা। এক মহিলা ভক্ত তো জানিয়েই দিয়েছেন, আরসিবি চ্যাম্পিয়ন না হলে তিনি স্বামীকে ডিভোর্স দেবেন। দর্শকাসনে থাকা মহিলার হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আরসিবি ফাইনাল না জিতলে স্বামীকে ডিভোর্স দেব।’ ক্যামেরায় দেখা গেছে ওই মহিলার পরনে ছিল শাড়ি। হাতে ছিল হলুদ রংয়ের প্ল্যাকার্ড। এই পোস্টারটি রীতিমতো ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।
















