আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলে  জশপ্রীত বুমরাহ নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না। 

১০ ম্যাচে মাত্র তিনটি উইকেট। সংখ্যাটা তাঁর নাম অনুযায়ী বেশ হতাশাজনক।  ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকরের মতে, সমস্যাটা প্রচেষ্টার অভাবে নয়, বরং অতিরিক্ত কিছু করার চেষ্টাতেই ছন্দ হারাচ্ছেন এই তারকা বোলার। 

ওয়াংখেড়ে স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচেও সেই চিত্রই দেখা যায়। যদিও মুম্বই সহজেই ২২৯ রানের লক্ষ্য তাড়া করে জয় পায়।  বুমরাহর বোলিং ছিল হতাশাজনক। ৪ ওভারে ৪৫ রান। ঝুলিতে নেই কোনও উইকেট। 

একটি ওভারে ২১ রান দেওয়ার পাশাপাশি একটি নো-বল তাঁকে উইকেট থেকেও বঞ্চিত করে।

সম্প্রচারকারী চ্যানেলে গাভাসকর বলেন, ''বুমরাহ নিজের সেরাটা দিচ্ছে কিন্তু অনেক বেশি নতুন কিছু করার চেষ্টা করছে। উইকেট নেওয়ার সুযোগ তৈরি করছে ঠিকই, কিন্তু ভাগ্য সহায় হচ্ছে না। গতি কিছুটা কমেছে, অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষাই তার ছন্দ নষ্ট করছে। ওর উচিত নিজের বেসিকসে ফিরে যাওয়া।'' 

গাভাসকর আরও বিশ্লেষণ করে বলেন, ''ওর স্লোয়ার বলের লেন্থ এখন বেশি ফুল হয়ে যাচ্ছে। আগে যে লাইন স্টাম্পে থাকত, সেটা এখন লেগ স্টাম্পের দিকে সরে যাচ্ছে। আর ও সাধারণত এত নো-বল করে না, কিন্তু এই মরশুমে ইতিমধ্যেই ৬-৭টি নো-বল করে ফেলেছে।'' 

পরিসংখ্যানও সেই কথাই বলছে। ৩৭ ওভারে ৩২৯ রান দিয়ে বুমরাহর ইকোনমি ৮.৮৯। পাশাপাশি আগের তুলনায় অনেক বেশি স্লোয়ার বল ব্যবহার করছেন তিনি।

অন্যদিকে, প্রাক্তন ভারতীয় ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার মনে করছেন, সমাধানটা শুধু টেকনিক্যাল নয়, মানসিক ও শারীরিক বিশ্রামও প্রয়োজন হতে পারে।
বাঙ্গার বলেন, ''টিম ম্যানেজমেন্টের উচিত ওর সঙ্গে খোলাখুলি কথা বলা। ও ভিতর থেকে ১০০% ফিট অনুভব করছে কিনা, এক-দুটি ম্যাচ বিশ্রাম নিতে চায় কিনা।'' 

সব মিলিয়ে, মুম্বই ইন্ডিয়ান্সের জন্য এখন বড় প্রশ্ন, বুমরাহ কি নিজের সহজ, কার্যকর বোলিংয়ে ফিরে এসে ছন্দ খুঁজে পাবেন, নাকি স্বল্প বিশ্রামই তাঁকে ফের তীক্ষ্ণ করে তুলবে?