পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনার এই টানটান উত্তেজনার মুহূর্তেই দেবের ব্যক্তিগত জীবনে নেমে এল এক গভীর শোকের ছায়া। সোমবার (৪ মে) সকালেই দেবের পরিবারে এল চরম দুঃসংবাদ। দক্ষিণ কলকাতার সাউথ সিটির আবাসনে দেবের ফ্ল্যাটে থাকা তাঁর দুই ‘বিগ বয়’-এর মধ্যে অন্যতম, আদরের পুত্রসম সারমেয় ‘লাকি’ আর নেই।

আজ সকালেই দেব সোশ্যাল মিডিয়ায় এই মর্মান্তিক খবরটি শেয়ার করেছেন।প্রিয় পোষ্য লাকি-র মৃত্যুতে ভেঙে পড়েছেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় লাকি-র একটি ছবি পোস্ট করে দেব লেখেন, "তুই আমার জীবনে ঘটা সেরা উপহার ছিলিস, লাকি। শান্তিতে ঘুমা। খুব তাড়াতাড়ি আবার ফিরে আসিস।" 

সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যেই নিজের পোষ্যদের ছবি ও ভিডিও পোস্ট করতেন দেব। পোষ্যদের প্রতি তাঁর ভালোবাসা ছিল চোখে পড়ার মতো। কাজের ব্যস্ততার মাঝেও যখন দেব বিদেশে ছুটি কাটিয়ে বাড়ি ফিরতেন, তখন তাঁর এই দুই ‘ছেলে’ দরজার সামনে এসে তাঁকে যেভাবে স্বাগত জানাত, সেই ভিডিও তিনি শেয়ার করেছিলেন। সেই ভিডিওতে দেখা গিয়েছিল, দেব দরজা খুলে ঢুকতেই আনন্দে যেন তাঁকে জড়িয়ে ধরতে চাইত তারা।‘কিডন্যাপ’ ছবির ‘মনটা কথা শোনে না’ গানের রিহার্সালে দেবকে সঙ্গ দিয়েছিল তাঁর এই দুই ‘বিগ বয়’। তাদের উপস্থিতি শুটিং ফ্লোরেও এক আনন্দের আবহ তৈরি করত।

 

 

আজকের ভোটগণনার মহাদিন এবং ভোটের ফলাফলের উত্তেজনার মাঝে দেবের এই ব্যক্তিগত ক্ষতি তাঁর ভক্তদেরও আবেগাপ্লুত করে তুলেছে। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা অভিনেতার এই শোকের মুহূর্তে সমবেদনা জানিয়েছেন।