নিজস্ব সংবাদদাতা: বাস্তবতার ভিড়ে কি ফিকে হয়ে যাচ্ছে প্রেম? হারিয়ে যাচ্ছে মনের গহনে থাকা অনুভূতি? প্রশ্ন ওঠে মাঝেমধ্যেই, তবে উত্তর কই? উত্তর দিতে আসছে নতুন বাংলা ছবি। পরিচালনায় সায়ন্তন মুখোপাধ্যায়। আসছে তাঁর পরিচালিত নতুন ছবি 'ইটস নেভার টু লেট'। আজকাল ডট ইন-এ প্রকাশ্যে ছবির প্রথম ঝলক।
মুখ্য চরিত্রে অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী ও অরুণিমা ঘোষ। ছবির গল্পে অরুণিমার চরিত্রের নাম 'মিমি'। মিমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। কিন্তু সে স্বপ্ন দেখে জীবনটাকে ভাল করে বাঁচার। সুখ, সমৃদ্ধির জন্য ছুটে চলে রোজ। অফিসের বস প্যাটির প্রেমে পড়ে সে। তার চোখে স্বপ্নের পুরুষ প্যাটি। অন্যদিকে, মিমির সঙ্গে একই বাড়িতে ভাড়া নিয়ে আসে গোবিন্দ গোপ ওরফে 'গোগো'। এই চরিত্রে দেখা যাবে অর্জুন চক্রবর্তীকে।
প্রথমদিনেই মিমির সঙ্গে ঝগড়া হয় গোগোর। যদিও পরে একে অপরের ভাল বন্ধু হয়ে ওঠে। এরই মধ্যে মিমির প্রেমে পড়ে গোগো, কিন্তু মুখ ফুটে বলতে পারে না। অন্যদিকে, প্যাটিও বিশ্বাসঘাতকতা করে মিমির সঙ্গে। গোগোর কাছেই মনের সব কথা খুলে বলে সে। এবার কি মিমিকে ভালবাসার কথা জানাবে গোগো? নাকি বন্ধুত্ব ভেঙে যাওয়ার ভয়ে পিছিয়ে আসবে? উত্তর মিলবে ছবির গল্পে।
















