জনপ্রিয় গায়িকা পৌষালী ব্যানার্জি অসুস্থ৷ গতকাল রাত ১২ টার সময় তাঁকে কলকাতার এক নামকরা বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ 

আজকাল ডট ইন যোগাযোগ করেছিল পৌষালী ব্যানার্জির পরিবারের সঙ্গে।  পৌষালীর স্বামী পারিজাত আজকাল ডট ইন-কে জানিয়েছেন, "পৌষালী অসুস্থ৷ তবে তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়৷ রুটিন চেক আপের জন্যই গায়িকাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷" 

 বাংলার মাটির গানের জন্যই বিখ্যাত পৌষালী৷ তাঁর কণ্ঠে লোকগান দর্শক শ্রোতারা ভালবাসেন৷ ২৭ এপ্রিল 'লগন বয়ে যায়' শীর্ষক বাংলা গান মুক্তি পেয়েছিল টি সিরিজ বাংলার ইউটিউব চ্যানেল থেকে৷ এই গানে পৌষালীর সঙ্গে গলা মিলিয়েছিলেন ঋষি পান্ডা৷

রিয়েলিটি শো থেকে গায়িকা হিসাবে প্রতিষ্ঠা পেয়েছিলেন পৌষালী৷ রিয়েলিটি শো শেষ হলে অনেকেরই জনপ্রিয়তা কমে যায়৷ এক্ষেত্রে ব্যতিক্রম পৌষালী৷ বাংলার লোকগান, ভক্তিগীতির মায়ায় শ্রোতাদের মন মাতিয়ে রেখেছেন৷