সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
'ভূত বাংলা'-তে অভিনয় নিয়ে পরিচালকের ওপর ক্ষুব্ধ তাবু?
'ভূত বাংলা' সিনেমায় অভিনেত্রী তাবুর অভিনয় করা অনেক দৃশ্য বাদ দেওয়া হয়েছে যাতে অক্ষয় কুমারের চরিত্রটি বেশি গুরুত্ব পায়। এই নিয়ে তাবু নাকি পরিচালক প্রিয়দর্শনের ওপর ক্ষুব্ধ। সম্প্রতি এই নিয়ে চর্চা শুরু হয়েছে বলিপাড়ায়। কিন্তু এই খবরটি পুরোপুরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন পরিচালক। তিনি জানিয়েছেন, তাবুর সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের এবং অভিনেত্রী এই সিনেমায় তাঁর কাজ নিয়ে মোটেও অসন্তুষ্ট নন। অক্ষয় কুমার কোনওদিনও পরিচালকের কাজে হস্তক্ষেপ করেন না বা কার দৃশ্য কাটা হবে তা নিয়ে মাথা ঘামান না। প্রিয়দর্শন আরও বলেন, "তাবু যা যা শুট করেছিলেন, তার প্রায় সবকিছুই সিনেমায় রাখা হয়েছে। কোনও দৃশ্যই উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাদ দেওয়া হয়নি।"
বয়স নিয়ে ট্রোলিংয়ের কড়া জবাব মালাইকার
মালাইকা আরোরা বিনোদন জগতে নারীদের বয়স এবং তাঁদের আকর্ষণীয় থাকা নিয়ে সমাজের দ্বিচারিতা নিয়ে সপাটে জবাব দিয়েছেন। সম্প্রতি অভিনেত্রী বলেন, একজন নারী নির্দিষ্ট বয়সের পরেও কতটা আকর্ষণীয় বা আবেদনময়ী থাকতে পারেন, তা নিয়ে সমাজ সবসময় প্রশ্ন তোলে। অথচ পুরুষদের ক্ষেত্রে চিত্রটা সম্পূর্ণ আলাদা। তাঁদের বয়স বাড়লেও এই ধরনের প্রশ্নের মুখে পড়তে হয় না। তিনি অভিযোগ করেন যে, পুরুষদের ক্ষেত্রে বয়সকে 'ম্যাচুরিটি' হিসেবে দেখা হয়, কিন্তু নারীদের ক্ষেত্রে বয়স বাড়লে তাঁদের কেরিয়ার বা ব্যক্তিত্ব নিয়ে কাটাছেঁড়া শুরু হয়। পুরুষদের খুব কমই এই ধরনের কঠোর বিচার বা সমালোচনার সম্মুখীন হতে হয়। মালাইকা বিশ্বাস করেন, বয়স কেবল একটা সংখ্যা। একজন নারী ৪০ বা ৫০ বছর বয়সেও সমান আত্মবিশ্বাসী এবং স্টাইলিশ থাকতে পারেন। তিনি নিজে যেভাবে জীবন যাপন করেন, তা দিয়ে এই সামাজিক ধারণাকেই চ্যালেঞ্জ জানাতে চান।
শচীন-কন্যা যেন 'কবীর সিং'-এর কিয়ারা
শচীন-কন্যা সারা তেন্ডুলকরের একটি নতুন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে সারার সাজগোজ আর লুক দেখে অবাক নেটাগরিকরা। তাঁদের মতে, সারাকে দেখতে একেবারে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির মতো লাগছে। নেটপাড়ার সদস্যরা বলেন, সারাকে হুবহু 'কবীর সিং' সিনেমায় কিয়ারার অভিনীত 'প্রীতি' চরিত্রটির মতো দেখতে লাগছে। কিয়ারার মতো সারার হাসিতেও একটা স্নিগ্ধতা আর সারল্য রয়েছে। এই সাদৃশ্য দেখেই ভক্তরা তাঁদের দুজনকে 'একই রকমের দেখতে' বলে মন্তব্য করছেন। ভিডিওর নিচে অনেকে লিখেছেন, "আমি তো প্রথমে বুঝতেই পারিনি এটা সারা নাকি কিয়ারা!" কেউ কেউ সারাকে বলিউডে নামার পরামর্শও দিয়ে ফেলেছেন।















