আজকাল ওয়েবডেস্ক: তিন রাজ্যের ভোটের ফল থেকে শিক্ষা নিয়েছে বিজেপি। যে সফলতা এসেছে বিজেপি শিবিরে তাতে খুশি বিজেপির শীর্ষ নেতৃত্ব। তাই লোকসভা ভোট নিয়ে আগে থেকেই আসরে নামতে চাইছে বিজেপি। তিন রাজ্যের ভোটে আগে থেকেই দলের টিকিট কারা পাবে তা ঠিক করেছিল বিজেপি। ফলে দলের নিচুস্তরের কর্মী থেকে শুরু করে শীর্ষস্তরের নেতা সকলেই বুঝতে পেরেছিলেন তাঁদের কাজ কোন পথে করতে হবে। সূত্রের খবর, বিজেপি মনে করছে এই সময় দলের প্রতিটি কর্মীদের মনোবল তুঙ্গে রয়েছে। এটাই সেরা সময় হবে প্রার্থীদের নাম ঘোষণা করে দেওয়ার। হেভিওয়েট প্রার্থী থেকে শুরু করে নতুন মুখ সবেতেই সমানভাবে জোর দিতে মরিয়া বিজেপি।

এবারেও প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদিকেই সামনে রেখে আসরে নামবে বিজেপি। নির্বাচন কমিশন কবে ভোটের দিনক্ষণ ঘোষণা করবে তা কারও জানা নেই। তবে দিন ঘোষণার পরই যাতে দ্রুত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা যায় সেদিকে জোর দিচ্ছে বিজেপি। কমিশন সূত্রে খবর, ফেব্রুয়ারি-মার্চেই ঘোষণা হতে পারে লোকসভা নির্বাচনের দিন। তাই জানুয়ারির শেষ নাগাদই তৈরি থাকবে বিজেপি।