আজকাল ওয়েব ডেস্ক: নিখোঁজ অস্কারজয়ী পরিচালক হামদান বলাল! এই খবর ছড়িয়ে পড়তেই চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে হলিউডে। ইজরায়েলি উদ্বাস্তুদের হাতে আক্রান্ত ও গুরুতর আহত হওয়ার পর থেকেই এই প্যালেস্টাইনি ছবি নির্মাতা নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
অস্কারজয়ী ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহ-পরিচালক বলালকে মুখে ও পেটে গুরুতর আঘাত করে ইজরায়েলি উদ্বাস্তুরা। সমাজমাধ্যমে তাঁর সহ-পরিচালক ইউভাল আব্রাহাম জানিয়েছেন, আহত অবস্থায় নিজেই অ্যাম্বুলেন্স ডাকেন হামদান। তবে পরে সৈন্যরা সেই অ্যাম্বুলেন্স থেকে তাঁকে নিয়ে যায়। এরপর থেকেই তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।
ইউভাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে মুখোশধারী কিছু ব্যক্তিকে অস্কারজয়ী পরিচালকের গাড়ির দিকে পাথর ছুড়তে দেখা যাচ্ছে। এরপরেই ভিডিওটি অন্ধকার হয়ে যায়। তিনি এটিকে ‘সশস্ত্র মুখোশধারী কেকেকে-সদৃশ বসতকারীদের হামলা’ বলে বর্ণনা করেছেন।
এই ঘটনার পর নেটপাড়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বিষয়টিকে গুরুতর মানবাধিকার লঙ্ঘন বলে অভিহিত করেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, “ইজরায়েলের প্রকৃত চেহারা বিশ্বকে দেখানোর জন্য হামদান বলালকে শাস্তি দেওয়া হয়েছে!” অন্য এক নেটিজেন মন্তব্য করেন, “ কী বীভৎস ব্যাপার ! ‘নো আদার ল্যান্ড’ চলচ্চিত্রের মাধ্যমে ইজরায়েল উদ্বাস্তুদের হিংস্র দিকটি উন্মোচন করে হামদান যে সাহস দেখিয়েছেন, তা হয়তো অনেকের গাত্রদাহের কারণ হয়েছে। কিন্তু এই হামলা ও তাঁকে অপহরণ চরম অন্যায়! বিশ্বকে এখনই জবাবদিহি দাবি করতে হবে—হামদান কোথায়?”
















