রাজনীতিতে বদল আসতেই তোলপাড় টলিউড। টলিউডে স্ক্রিনিং কমিটি নিয়ে আলোচনায় বসতে চায় ইন্ডাস্ট্রির প্রযোজক, পরিবেশকরা। তবে মিটিংয়ে নারাজ ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্ত। আগামিদিনে কীভাবে চলবে স্ক্রিনিং কমিটি, কোন ক্যালেন্ডার অনুযায়ী মুক্তি পাবে ছবি, সেই নিয়েই আলোচনায় বসতে চায় ইন্ডাস্ট্রির কিছু ব্যক্তিত্ব। এখানেই বাধ সাধছেন পিয়া।
খবর, ইম্পার অফিসে নাকি ভাঙচুর হচ্ছে। তবে এরকম কিছুই ঘটেনি বলে আজকাল ডট ইন-কে জানিয়েছেন এসএসআর সিনেমাজের কর্ণধার ও পরিবেশক শতদীপ সাহা। তিনি জানান প্রযোজক ও পরিবেশকরা পিয়ার বিরুদ্ধে বৌবাজার থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। পিয়া যাতে কোনও জরুরি কাগজপত্র রাতারাতি সরিয়ে ফেলতে না পারেন তাই অফিস সিল করার অনুরোধ জানানো হয়েছে থানায়।
এই বিষয়ে আজকাল ডট ইন-কে পিয়া সেনগুপ্ত বলেন, "ইন্ডাস্ট্রি, ইম্পা তো পুরোপুরি অরাজনৈতিক। এখানে তৃণমূল, বিজেপির রং নেই। আগামিকাল ইসি কমিটির মিটিং আছে, সেটা না হলে এই মুহূর্তে তো কিছুই বলতে পারছি না। ওরা এসে হাঙ্গামা করলে তো হবে না। আমি ইসির মিটিংয়ের জন্য সময় চেয়ে নিয়েছি। যতক্ষণ না মিটিং হবে আমি কোনও মতামত জানতে পারব না।"
এদিকে শতদীপের কথায়, "আগামিদিনে কীভাবে এগোবে সবকিছু সেটা নিয়েই আলোচনা করতে চাই আমরা। কিন্তু পিয়াদি মিটিং করতে চাইছেন না। কিছুই জানাচ্ছেন না আমাদের। এটা তো সব জায়গায় আলোচনা হচ্ছে। আমরা তো জানিই না স্ক্রিনিং কমিটি থাকবে কিনা! মিটিং না করলে কী করে হবে? এদিকে, মহিলা হিসেবে অ্যাডভান্টেজ নিয়ে উনি দাবি করছেন যে ওনার উপরে হামলা করা হচ্ছে। অথচ আলোচনা করতে চাওয়া ছাড়া আর কিছুই দাবি নেই আমাদের।"















