বঙ্গে ফের পালা বদল ঘটল। তৃণমূলকে ধরাশায়ী করে বাংলার মসনদে বিজেপি। ভোটের ফল বেরোতেই একাধিক তারকারা নতুন সরকারকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এবার যে তারকারা তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করেছেন এই বিধানসভা নির্বাচনে তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন 'দেবী চৌধুরাণী' সিনেমার পরিচালক শুভ্রজিৎ মিত্র।
শুভ্রজিৎ মিত্র এদিন স্পষ্টই দাবি করেন তাঁর ফেসবুক পোস্টে যে টলিউডের তারকারা মতাদর্শ নয়, টাকার বিনিময়ে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করেছেন। টাকার কাছে মতাদর্শকে বিকিয়ে দিয়েছেন। এই বিষয়ে তিনি লেখেন, 'দলবদল আর রংবদলের বাজারে মুখোশ গুলো খসে পড়ছে। কাল থেকে অগুনতি ফোন আসছে বন্ধুস্থানীয় অভিনেতাদের। সবাই যে ভিতরে ভিতরে কত রাম ভক্ত ছিলো, কিন্তু পরিস্থিতি আর অন্ন সংস্থানের তাগিদে শাসকদলের পক্ষে দাঁড়িয়েছে সেটা প্রমাণ করতে চাইছে।'
শুভ্রজিতের আরও দাবি, 'কেউ, কেউ তো আবার লক্ষ লক্ষ টাকার বিনিময়ে প্রাক্তন শাসক দলের হয়ে প্রচার ও করেছে। তাদের যুক্তি, আমরা মাচা করতে যেমন টাকা নিই, সেরকম টাকা নিয়ে প্রচার করেছি। কি মূর্খের যুক্তি। টাকার বিনিময়ে নিজের মতাদর্শকে বিকিয়ে দেওয়া ? টাকা নিয়ে সাধারণ মানুষের ভাবাবেগ কে প্রভাবিত করার চেষ্টা করা? নিজের আখের গোছানো? সব ক্যাশ পেমেন্ট। তারমানে কালো টাকা। সব হিসেব রাখা আছে। কে, কবে, কোথায়, কোন প্রচারে। যাদের কানেকশন আছে তারা বিজয়ী দলের সঙ্গে যোগাযোগ করছে রঙবদলের জন্য।'
এই জনপ্রিয় পরিচালকের আরও সংযোজন, 'একজন প্রখ্যাত অভিনেতা, যিনি আবার প্রাক্তন শাসক দলের একজন উচ্চপদস্থ নেতা, কিছুদিনের মধ্যেই তার পদত্যাগ করার কথা ভাবছেন। এবং দিল্লীতে বিজয়ী দলের সর্বভারতীয় কার্যালয়ে যোগাযোগ করেছেন। দুজন প্রাক্তন মন্ত্রী ও আছেন যারা স্থানীয় বিজয়ী নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন। এভাবে যদি তাদের অন্য বিভিন্ন বেসরকারি সংস্থার পদগুলো রক্ষা করা যায়।' (পোস্টদাতার বানান সম্পূর্ণ অপরিবর্তিত রাখা হল)

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, তৃণমূল কংগ্রেসের সাংসদ কোয়েল মল্লিক, দেব তো ছিলেনই প্রচারে, সৌমিতৃষা কুণ্ডু, রূপাঞ্জনা মিত্র, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, দিগন্ত বাগচী, সহ একাধিক তারকাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রার্থীর হয়ে প্রচারে যেতে দেখা গিয়েছে।
বিজেপি এবার ২০০ এরও বেশি আসনে জিতে সরকার গঠন করতে চলেছে। পদ্মশিবিরের দাপটের কাছে নতিস্বীকার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, দেবাশীষ কুমারের মতো দাপুটে নেতারা।















