আজকাল ওয়েবডেস্ক:  ওড়িশার কংগ্রেস নেতার বাড়িতে উদ্ধার প্রচুর অর্থ। রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর বাড়ি এবং কারখানার এক শীর্ষকর্তা বান্টি সাহুর বাড়িতে আয়কর হানায় এখনও পর্যন্ত উদ্ধার হওয়া অর্থের পরিমাণ ২৯০ কোটি টাকা। এটিকে আয়কর অভিযানে ভারতের সবথেকে বড় নগদ উদ্ধারের ঘটনা বলে মনে করা হচ্ছে। তবে সমস্ত অর্থ উদ্ধার করা হলে এই রেকর্ডও ভেঙে যেতে পারে। উদ্ধার হয়েছে তিন ব্যাগ ভর্তি টাকা। কারখানার মালিকের বাড়ি থেকে ১৯ ব্যাগ টাকা মিলেছে। টাকা গোনার মেশিন ব্যবহার করা হলেও তা মাঝপথে বিকল হয়ে যায়। পরে আবার সেটিকে ঠিক করে ফের গোনা হয় টাকা। উভয়ের বাড়ি থেকে উদ্ধার হয় নগদ এবং গয়না। তল্লাশির কাজে রয়েছেন আয়কর দপ্তরের ১০০ জন আধিকারিক। বেশিরভাগ টাকাই ৫০০ টাকার বান্ডিলে রয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় কংগ্রেসকে কটাক্ষ করেছে বিজেপি। খোদ প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে বিষয়টি নিয়ে কংগ্রেসকে বিঁধেছেন।