আজকাল ওয়েবডেস্ক: রবিবার, যখন মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থান একের পর রাজ্যে কংগ্রেসের বেহাল অবস্থার ছবি ফুটে উঠছিল তখনই তড়িঘড়ি মল্লিকার্জুন খাড়গে ইন্ডিয়া জোটের শরিকদের বৈঠকে ডেকেছিলেন। বুধবার এই বৈঠক বসার কথা থাকলেও মঙ্গলবার জানা গেল, আপাতত স্থগিত এই বৈঠক। কারণ কী? সঠিক কারণ এখনও পর্যন্ত জানান না গেলেও, সূত্রের খবর, যেভাবে একের পর এক দলের শীর্ষ নেতা নেত্রীদের বৈঠকে উপস্থিত থাকতে না পারার কথা জানা যাচ্ছিল, সেই কারণেই ইন্ডিয়া জোটের বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিরোধী জোটের অন্যতম মুখ, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ওই বৈঠকে উপস্থিত থাকবেন কিনা, তা নিয়ে জল্পনা ছিল শুরু থেকেই। তবে সোমবার পরিষ্কার হয়ে যায় তাঁর উপস্থিত না থাকার কথা। সোমবার তিনি সাফ জানিয়েছিলেন, "আমি জানি না। ৬ ডিসেম্বরের বৈঠক নিয়ে আমাকে কেউ জানায়নি। আমি কিছুই জানি না। ওই সময় আমার উত্তরবঙ্গ সফর আছে।’ মঙ্গলবার সকালে জানা গিয়েছিল, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব দুজনেই বুধবারের বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না। তবে বৈঠকে দলের প্রতিনিধিরা থাকবেন। এই খবর প্রকাশ্যে আসার পরেই নীতিশ কুমার এবং অখিলেশের সঙ্গে কংগ্রেসের দূরত্ব নিয়ে চর্চাও শুরু হয়ে যায়। তার মাঝেই জানা গেল বৈঠক স্থগিতের কথা। উল্লেখ্য, এর আগে ইন্ডিয়া জোটের বৈঠক অনুষ্ঠিত হয়েছে পাটনা, বেঙ্গালুরু ও মুম্বইয়ে। সূত্রের খবর, সকলের সুবিধা দেখেই বসবে পরবর্তী বৈঠক।
INDIA Alliance: বুধে বসছে না 'ইন্ডিয়া' জোট, পরবর্তী বৈঠক সকলের সুবিধা দেখেই!
















