আজকাল ওয়েবডেস্ক: তিন রাজ্যে বিজেপির জয় স্পষ্ট। ইতিমধ্যে বাংলার শাসক দল জানিয়েছে, এই ফলাফল বিজেপির জয় নয়, বরং পরাজয় কংগ্রেসের। ফলাফলের আঁচ পেতেই সাত সকালেই ইন্ডিয়া জোটের আগামী বৈঠকের দিন স্থির এবং ঘোষণা হয়ে গিয়েছে। তিন রাজ্য কংগ্রেসের হাতছাড়া হওয়া আগামী বছরের লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের ওপর কী প্রভাব ফেলবে? তা নিয়েই এখন আলোচনা। অজিত পাওয়ার ইতিমধ্যেই ইন্ডিয়া জোটকে কটাক্ষ করেছেন। পাওয়ার শিবির ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন অজিত মাসখানেক আগেই। এই মুহূর্তে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তিনি। অজিত পাওয়ার ফলাফল একপ্রকার নিশ্চিত হতেই বলেছেন, "অবাক হব না, যদি ইন্ডিয়া জোট ইভিএম এর দোষ দেয়।" অন্যদিকে শরদ কন্যা সুপ্রিয়া অবশ্য সাফ জানিয়েছেন, চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল কোনওভাবেই প্রভাব ফেলবে না ২০২৪ এর লোকসভা নির্বাচনে। এনসিপি সাংসদের বক্তব্য, " লোকসভা এবং বিধানসভা নির্বাচন দুটি পৃথক বিষয়।" পুরনো নির্বাচনের তুলনা টেনে তিনি মনে করিয়ে দিয়েছেন, ২০১৯ সালের আগে নির্বাচনে রাজস্থান, মধ্যে প্রদেশের ফলাফল এবং গত লোকসভা নির্বাচনের ফলাফলের প্রসঙ্গ।