আজকাল ওয়েবডেস্ক: ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে একমাত্র অস্ট্রেলিয়া। আর কেউ নয়। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি এমনটাই জানিয়েছেন।
কানপুরে আড়াই দিনে ভারত হারিয়েছে বাংলাদেশকে। আর তার পরই ক্রিকেট বিশেষজ্ঞরা দুয়ো ধ্বনি তুলেছেন টাইগারদের বিরুদ্ধে।
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি তাঁর নিজস্ব ইউটিউবে বলেছেন, ''ভারতের সঙ্গে মোকাবিলা একমাত্র অস্ট্রেলিয়ারই। বাকিদের সঙ্গে ভারত খেললে একই হাল হবে।''
ভারতের প্রশংসার পাশাপাশি বাসিত আলি পাকিস্তানকে বিঁধেছেন। ভারত সফরে আসার আগে পাকিস্তানের মাটিতে বাবর আজমদের সিরিজ হারিয়েছেন নাজমুল শান্তরা। কিন্তু ভারতে এসে পরিস্থিতি বদলে গেল। চেন্নাইয়ের বড় ব্যবধানে হারের পরে কানপুরে আড়াই দিনে বাংলাদেশকে নিকেশ করে দিল রোহিত শর্মার টিম ইন্ডিয়া। যা দেখার পরে বাসিত আলি বলেছেন, "ভারত আর পাকিস্তানের মধ্যে পার্থক্য সহজেই বোঝা যাচ্ছে। এটাই বাস্তব। এটাকে মেনে নেওয়াই ভাল। যদি মনে করেন আমাদের ক্রিকেটও উন্নত, তাহলে বড় ভুল হবে।''
কানপুরের পিচ নিয়েও উঠছে প্রশ্ন। সেই প্রসঙ্গ উত্থাপ্পন করে বাসিত আলি বলছেন, ''কানপুর অ্যাসোসিয়েশন দু' দিনে ম্যাচের ফয়সলা করে দিল। ওরা একপ্রকার বেঁচে গেল বলা যায়। ম্যাচ ড্র হলে বিসিসিআই ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিত।''















