আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় দলের দরজায় কড়া নাড়ছেন বৈভব সূর্যবংশী। কয়েকদিন আগেই তাঁর হয়ে সওয়াল করেন মাইকেল ভন। ১৫ বছরের বিষ্ময় বালককে শীঘ্রই জাতীয় দলে দেখতে চান ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। ব্রায়ান লারা এবং যুবরাজ সিংকে আদর্শ মেনে চলেন বৈভব। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর আইপিএলেও দুর্দান্ত ছন্দে শুরু করেন। সূর্যবংশী প্রসঙ্গে একটি পডকাস্টে প্রশ্ন করা হয় যুবরাজকে। তার উত্তরে যুবি বলেন, 'আইপিএল সবকিছু বদলে দিয়েছে। আমার মনে হয় ৯০ শতাংশ লোক জানে ও ভারতের হয়ে খেলবে। খেলবে কিনা সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হল, কবে খেলবে? তবে আমার বিশ্বাস, ভারতের হয়ে খেলবেই। শুধু সময়ের অপেক্ষা।'

সাফল্যে যাতে উঠতি তারকার মাথা না ঘুরে যায়, আগাম সতর্কবার্তা যুবির। বলেন, 'ও দারুণ প্রতিভা। তবে মাটিতে পা থাকা উচিত। এটা খুবই গুরুত্বপূর্ণ। বৈভবের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল ওর ব্যাট স্পিড। যা খুবই দ্রুত। আমারও এত গতি ছিল না। এমন খুব কমই প্লেয়ার দেখেছি আমি। ওর অফ সাইডে ছয় দেখে আমি মুগ্ধ। ভাল বলেও ছক্কা হাঁকাতে পারে। সেটাই ওর প্রতিভার পরিচয় দেয়।' নিজের লক্ষ্য জানিয়ে দেন বৈভব। বলেন, 'দলে আমি যখন প্রথম সুযোগ পাই, আমার একমাত্র লক্ষ্য ছিল দলের হয়ে শুরুটা ভাল করা। আমি পাওয়ার প্লেতে খেলতে চাইতাম। আমি লম্বা ইনিংস খেলতে চাই। জানতাম আমি উইকেটে টিকে গেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারব।'

সূর্যবংশীকে শীঘ্রই জাতীয় দলে দেখতে চান মাইকেল ভন। বিসিসিআইকে বিশেষ বার্তা দেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। ভারতের সিনিয়র দলে বৈভবকে সুযোগ দেওয়া নিয়ে সওয়াল তোলেন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের ৮ উইকেটে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ১৫ বছরের ক্রিকেটার। ১২৭ রানে শেষ হয়ে যায় চেন্নাইয়ের ইনিংস। রান তাড়া করতে নেমে মাত্র ১৭ বলে ৫২ রানের ইনিংস খেলেন বৈভব। মাত্র ১২.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান। তরুণ ক্রিকেটারের এই পারফরম্যান্সের পর আসন্ন ইংল্যান্ড সিরিজে বৈভবকে সিনিয়র দলে সুযোগ দেওয়ার জন্য আর্জি জানান ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। দাবি করেন, একাধিকবার নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন।