আজকাল ওয়েবডেস্ক: দল জিতলেও শাস্তি পেতে হল অধিনায়ক শ্রেয়স আইয়ারকে। সঙ্গে গোটা দলকেও। শুক্রবার চেন্নাই সুপার কিংসকে হারানোর পরই বড়সড় জরিমানা দিতে হবে পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়সকে। আগের ম্যাচেও জরিমানা হয়েছিল তাঁর। এবার আরও বড় জরিমানা। আর তাঁর ভুলের জন্য গোটা দলকেও পেতে হচ্ছে শাস্তি।
এটা ঘটনা, টানা দুই ম্যাচ জিতে আইপিএলের লিগ টেবিল এক নম্বরে এখন পাঞ্জাব। গুজরাটের পর চেন্নাই ম্যাচেও এসেছে জয়। কিন্তু গুজরাট ম্যাচের পর চেন্নাই ম্যাচেও স্লো ওভাররেটের জন্য শাস্তি পেতে হচ্ছে পাঞ্জাব অধিনায়ককে। শ্রেয়সকে ২৪ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এর পাশাপাশি ইমপ্যাক্ট প্লেয়ার–সহ প্রত্যেককে ৬ লক্ষ টাকা বা ম্যাচ ফি’র ২৫ শতাংশের কোনও একটা জরিমানা দিতে হবে।
আইপিএলের নিয়মেই বলা হয়েছে, ২.২২ ধারা অনুযায়ী চলতি টুর্নামেন্টে এটা পাঞ্জাবের দ্বিতীয় একই অপরাধ হল। তাই জরিমানার পরিমাণ বেড়ে ২৪ লক্ষ টাকা হয়েছে। ফের একই ঘটনা ঘটলে জরিমানার পরিমাণ আরও বাড়বে। নিয়ম অনুযায়ী ৯০ মিনিটের মধ্যে ইনিংস শেষ করতে হয়। সেটা একবার না হলে অধিনায়কের ১২ লক্ষ টাকা জরিমানা, তারপর দিতে হয় ২৪ লক্ষ টাকা। সঙ্গে প্লেয়ারদেরও জরিমানা হয়। আবার একই ঘটনা ঘটলে অধিনায়কের ৩০ লক্ষ টাকা জরিমানা ও প্লেয়ারদের ১২ লক্ষ টাকা করে জরিমানা বা ম্যাচ ফি’র পঞ্চাশ শতাংশ কেটে নেওয়া হয়। আইপিএলের নিয়ম অনুযায়ী।
এদিকে, শুক্রবারের ম্যাচে রেকর্ড গড়েছেন আয়ুষ মাত্রে। বৈভব সূর্যবংশী এবং পৃথ্বী শয়ের তালিকায় যোগ দিলেন তরুণ ক্রিকেটার। ১৯ বছরে পা দেওয়ার আগে আইপিএলে দুটো বা তারও বেশি অর্ধশতরানের রেকর্ড করেছেন মুম্বইয়ের ক্রিকেটার। আয়ুষের বয়স ১৮ বছর ২৬১ দিন। বৈভবের তিনটে অর্ধশতরান বা তারও বেশি রান আছে। জোড়া অর্ধশতরান করে পৃথ্বী শ কে ছুঁয়ে ফেললেন আয়ুষ। পাশাপাশি আইপিএলে সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে চিপকে অর্ধশতরান করার নজির গড়েন। শুক্রবার অসাধারণ ব্যাটিং করেন মাত্রে। মাত্র ২৯ বলে অর্ধশতরান সম্পূর্ণ করেন। শুরু থেকেই মারমুখী মেজাজে ছিলেন। ৪৩ বলে ৭৩ রান করে আউট হন মাত্রে। ইনিংসে ছিল ৫টি ছক্কা, ৬টি চার। স্ট্রাইক রেট ১৬৯.৭৬।
















