আজকাল ওয়েবডেস্ক: খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে প্রথমবারই বাজিমাত বাংলার। ফুটবলে সোনা জয় বাংলার। শুক্রবার সকালে ছত্তিশগড়ের রায়পুর কোটায় স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে ফাইনালে ১-০ গোলে ছত্তিশগড়কে হারায়। প্রথমার্ধের ৪৪ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন চাকু মান্ডি। দলের এই সাফল্যের জন্য ফুটবলারদের কৃতিত্ব দিচ্ছেন বাংলার কোচ রঞ্জন ভট্টাচার্য। খেলা শেষে তিনি জানান, 'এই সাফল্য পুরোপুরি ছেলেদের পরিশ্রমের ফল। এই জয় বাংলার ফুটবলের শ্রেষ্ঠত্ব আবার প্রমাণ করল।'
সবরকম সহায়তা করার জন্য আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায় এবং সচিব অনির্বাণ দত্তকে কৃতজ্ঞতা জানিয়েছেন।বাংলার অধিনায়ক অমিত টুডু দলের এই সাফল্যে খুশি। দলের সাফল্যের নেপথ্যে কোচের অবদানের কথা জানান। গোটা দলকে কোচ এক সূত্রে বাঁধতে পেরেছেন বলে তাঁর মত। যার গোলে এদিন বাংলা চ্যাম্পিয়ন হয়েছে, সেই চাকু মান্ডি দলকে সাফল্য এনে দিতে পেরে খুশি। মাস দুয়েক আগে সন্তোষ ট্রফিতে তিনি পেনাল্টি মিস করেছিলেন। সেই জন্য একটা আক্ষেপ ছিল। এদিন জয়ের গোল সেই আক্ষেপ মুছিয়ে দিয়েছে। প্রসঙ্গত, প্রথমবার চালু হওয়া এই খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে ফুটবলে বাংলা লিগ এবং নকআউট, দুই পর্বেই অপরাজিত থেকে শেষপর্যন্ত চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জিতল।















