আজকাল ওয়েবডেস্ক: রেকর্ডবুকে আয়ুশ মাত্রে। বৈভব সূর্যবংশী এবং পৃথ্বী শয়ের তালিকায় যোগ দিলেন তরুণ ক্রিকেটার। ১৯ বছরে পা দেওয়ার আগে আইপিএলে দুটো বা তারও বেশি অর্ধশতরানের রেকর্ড করেন মুম্বইয়ের ক্রিকেটার। আয়ুষের বয়স ১৮ বছর ২৬১ দিন। বৈভবের তিনটে অর্ধশতরান বা তারও বেশি রান আছে। জোড়া অর্ধশতরান করে পৃথ্বী শ কে ছুঁয়ে ফেললেন আয়ুশ। পাশাপাশি আইপিএলে সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে চিপকে অর্ধশতরান করার নজির গড়েন। শুক্রবার অসাধারণ ব্যাটিং করেন মাত্রে। মাত্র ২৯ বলে অর্ধশতরান সম্পূর্ণ করেন। এদিন শুরু থেকেই মারমুখী মেজাজে ছিলেন। ৪৩ বলে ৭৩ রান করে আউট হন মাত্রে। ইনিংসে ছিল ৫টি ছক্কা, ৬টি চার। স্ট্রাইক রেট ১৬৯.৭৬।

টসে জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠান শ্রেয়স আইয়ার। আবার ব্যর্থ সঞ্জু স্যামসন। ৭ বলে ৭ রান করে আউট হন। চেন্নাইয়ের জার্সিতে শুরুটা ভাল হয়নি কেরলের উইকেটকিপার ব্যাটারের। শুরুটা ভাল করেও ২৮ রানে ফেরেন ঋতুরাজ গায়কোয়াড়। ছয় নম্বরে নেমে ঝোড়ো ইনিংস সরফরাজ খানের। একটি ছয় এবং ৬টি চারের সাহায্যে ১২ বলে ৩২ রান করে আউট হন। আরও একটি ভাল ইনিংস শিবম দুবের। ২৭ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন। ৫ উইকেটে ২০৯ রান তোলে চেন্নাই।