আজকাল ওয়েবডেস্ক: নতুন পেনশন স্কিম ঘিরে শুরু থেকেই আপত্তি। আবার পুরনো পেনশন স্কিম চালু করার দাবিতে সরব কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। দীর্ঘদিন ধরেই কেন্দ্রের কাছে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন তাঁরা। তৃতীয় মোদি সরকারের বাজেট অধিবেশনের আগেও সেই দাবি আরও জোরদার হয়। অবশেষে এ প্রসঙ্গে নীরবতা ভাঙলেন কেন্দ্রীয় মন্ত্রীরা। কী বললেন তাঁরা?

বাজেট অধিবেশনে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার জন্য কোনও প্রস্তাব বিবেচনা করা হচ্ছে না। মঙ্গলবার বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, কমিটি গঠন করে নতুন পেনশন স্কিমে কী কী পরিবর্তন করা যায়, তা ঘিরে আলোচনা চলছে।

প্রসঙ্গত, ন্যাশনাল পেনশন স্কিমে এবার থেকে মূল বেতনের ১৪ শতাংশ টাকা পেনশন খাতে জমা করতে হবে। আগে মূল বেতন থেকে ১০ শতাংশ জমা করতে হত।

কংগ্রেস শাসিত বিভিন্ন রাজ্যে এনপিএস ছেড়ে পুরনো পেনশন স্কিম চালু করা হয়েছে। আরও কিছু রাজ্যে পুরনো প্রকল্প ফিরিয়ে আনার দাবি ওঠে। পুরনো পেনশন স্কিমে অবসর নেওয়া সরকারি কর্মচারীরা শেষ বেতনের ৫০ শতাংশ প্রতি মাসে পেনশন বাবদ পান। ডিএ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় সেটি। এনপিএস-এ সেই সুবিধা নেই।