আজকাল ওয়েবডেস্ক: বর্ষায় প্রবল দুর্যোগে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। আরও বাড়ল হতাহতের সংখ্যা। একমাসের মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল। হিমাচলে আরও দুর্যোগের আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে জারি করা হয়েছে সতর্কতাও।

প্রশাসন সূত্রে খবর, ২৭ জুন বর্ষা প্রবেশের পর থেকে এ পর্যন্ত হিমাচল প্রদেশে ৫৬ জনের মৃত্যু হয়েছে। আহত বহু। এর মধ্যে উঁচু থেকে পড়ে ২১ জনের মৃত্যু হয়েছে, ১৮ জন প্রাণ হারিয়েছেন জলে ডুবে। সাপের কামড়ে আটজন এবং বাজ পড়ে আরও আটজন, একজন হড়পা বানে তলিয়ে মারা গেছেন। ভূমিধস এবং মেঘ ভাঙা বৃষ্টিতে প্রাণহানির ঘটনা এ পর্যন্ত ঘটেনি।

প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে, প্রবল বৃষ্টিতে হিমাচল জুড়ে একশোর বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত। ফসল, রাস্তাঘাট সবমিলিয়ে ৪১০ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে এ রাজ্য। এই পরিস্থিতিতে মৌসম ভবন জানিয়েছে, হিমাচল জুড়ে ৩১ জুলাই পর্যন্ত ভারি বৃষ্টিপাত জারি থাকবে। রাজ্যে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। এই আবহাওয়ায় ফসলের আরও ক্ষতি হতে পারে।