আজকাল ওয়েবডেস্ক: গুজরাটের সুরাটের পর ঝাড়খণ্ডের দেওঘর। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল ভবন। ধ্বংসস্তূপে একাধিক জনের আটকে থাকার আশঙ্কা রয়েছে।
সাংসদ নিশিকান্ত দুবে জানিয়েছেন, রবিবার ভোর ৬টা নাগাদ দেওঘরের বামবাম ঝা পিঠে একটি তিনতলা বিল্ডিং ভেঙে পড়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খবর পেয়েই দ্রুত জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি উদ্ধারকারী দল পাঠান। ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় অ্যাম্বুল্যান্স, পুলিশ, দমকল বাহিনী এবং জেলা প্রশাসনের আধিকারিকরা। উদ্ধারকাজ এখনও চলছে।
দেওঘরের জেলাশাসক বিশাল সাগর জানিয়েছেন, এখনও পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে তিনজনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুইজন শিশু রয়েছে। ধ্বংসস্তূপে আরও ৬ থেকে ৭ জন আটকে আছেন। ধ্বংসস্তূপ সরিয়ে দ্রুত উদ্ধারকাজ চলছে। কীভাবে ভবনটি ভেঙে পড়ল তা ঘিরে তদন্ত শুরু হয়েছে।