আজকাল ওয়েবডেস্ক: উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টি। বন্ধ হয়ে গেল ১০০ টি রাস্তা। প্রধান নদীগুলি সবই বিপদসীমার উপর দিয়ে বইছে। ইতিমধ্যেই জারি করা হয়েছে রেড অ্যালার্ট। উত্তরাখণ্ডের হাওয়া অফিস জানাচ্ছে গোটা এলাকাজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। চম্পাওয়াত, আলমোরা, পিথরোগড় সহ সমস্ত অংশেই প্রচুর বৃষ্টি হবে। ইতিমধ্যেই গঙ্গা, অলকনন্দা, ভাগীরথী, সারদা, মন্দাকিনী এবং কোশী নদীর জল বাড়ছে। বিগত ২৪ ঘন্টায় চাকুটিয়াতে ৭২ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। বাঁশিচানাতে ৬২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রুদ্রপ্রয়াগ জেলায় অলকনন্দা নদীর জলবৃদ্ধির ফলে ১০ ফুটের শিবের মূর্তিও বেশিরভাগ জলের তলায় চলে গিয়েছে। হাওয়া অফিসের পক্ষ থেকে সকল বাসিন্দাকে নিচু এলাকা ছেড়ে উঁচু এলাকায় চলে যাওয়ার কথা বলা হয়েছে। সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল ছুটি দেওয়া হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটকে বিপর্যয় মোকাবিলার জন্য তৈরি থাকতে বলা হয়েছে। গঙ্গা এবং সরযু নদীতে বিপদসীমা প্রায় ছুঁয়ে ফেলেছে জল। অন্যদিকে অলকনন্দা, মন্দাকিনী, ভাগীরথী নদীর জল বিপদসীমা ছাড়িয়েছে। পাশাপাশি গোমতী, কালী, গৌরি এবং সারদা নদীর জলও পাল্লা দিয়ে বাড়ছে। বদ্রীনাথ জাতীয় সড়কে ধসের ফলে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।















