আজকাল ওয়েবডেস্ক: ইজরায়েলি হামলা ও জ্বালানি সঙ্কটের কারণে বন্ধ হয়ে গেল গাজার আল শিফা ও আল কুদস হাসপাতাল। শহরের সবথেকে বড় দুটি হাসপাতাল ছিল এই দুটি হাসপাতাল। আল শিফা হাসপাতালে ইজরায়েলি হামলায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে তিনজন নার্সের। এমনকি স্নাইপার হামলাও চালানো হচ্ছে হাসপাতালের ভেতরে। আটকে পড়েছেন হাজার হাজার মানুষ। হাসপাতালের পরিস্থিতি ভয়াবহ বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।
ইউরোপীয় ইউনিয়নের বিদেশ নীতির প্রধান জোসেফ বোরেল জানিয়েছেন, যাঁদের জরুরি চিকিৎসা প্রয়োজন তাদের সরিয়ে নেওয়ার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা দরকার। গাজার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় আল-শিফা হাসপাতালে পাঁচ রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালে শতাধিক মৃতদেহ পড়ে রয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি, তাদের থেকে জ্বালানি নিতে চাইছে না হাসপাতাল কর্তৃপক্ষ।
















