আজকাল ওয়েবডেস্ক: নিটের প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে গ্রেপ্তার মূলচক্রী রবি অত্রি। শনিবার গ্রেটার নয়ডা থেকে তাকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। পুলিশ সূত্রে খবর, সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের নেপথ্যে রয়েছে 'সলভার গ্যাং'। রবি সেই গ্যাংয়ের অন্যতম একজন সদস্য।
পুলিশ জানিয়েছে, রবি নিজেও ডাক্তারি পড়ুয়া ছিল। ২০০৭ সালে রাজস্থানের কোটায় গিয়ে নিটের প্রস্তুতি নিচ্ছিল। সেই সময়েই প্রশ্নপত্র ফাঁসে জড়িত গ্যাংয়ের সংস্পর্শে আসে সে। ২০১২ সালে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসেও জড়িত ছিল রবি। সেই সময় তাকে গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিশ। বারো বছর পর সেই এক ঘটনাতে গ্রেপ্তার হল সে।
শুক্রবার পর্যন্ত নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৯। তদন্ত জারি রয়েছে। আরও অভিযুক্তের খোঁজ চলছে।