আজকাল ওয়েবডেস্ক: হঠাৎই পদত্যাগ করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে মেল করে এই কথা জানিয়েছেন তিনি। তবে কী কারণে এই পদত্যাগ তা স্পষ্ট করে জানাননি তিনি। তাঁর পদত্যাগ নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। জানা গিয়েছে, বর্তমানে বিদেশে রয়েছেন তিনি।

এরপর কে অ্যাডভোকেট জেনারেল হবেন তাও ঠিক করা হয়নি এখনও পর্যন্ত। রাজভবন সূত্রে খবর, এখনও পদত্যাগ পত্র গ্রহণ করেননি রাজ্যপাল। সেটা গ্রহণ করলেই পরবর্তী অ্যাডভোকেট জেনারেলের নাম ঠিক করা হবে। সূত্রের খবর, প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে ফের নিয়োগ করা হতে পারে।