নিজস্ব সংবাদদাতা: পরিচালক মৃণাল সেনের বায়োপিক 'পদাতিক' নিয়ে এল এবার বড় খবর। আগেই প্রকাশ্যে এসেছিল ছবির টিজার। সেখানে
মৃণাল সেনের ভূমিকায় যখন প্রথম প্রকাশ্যে আসেন অভিনেতা চঞ্চল চৌধুরী, তখন রীতিমতো সাড়া ফেলেছিল তা। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং প্রযোজক ফিরদৌসুল হাসান-এর হাত ধরে বড়পর্দায় আরও একবার 'মৃণাল সেন'কে দেখবেন দর্শক। মৃণাল সেন-এর স্ত্রী, গীতা সেনের চরিত্রে দেখা যাবে মনামী ঘোষকে। ছবিতে মৃণাল সেনের সিনেমা তৈরির অনুপ্রেরণা, সময়কাল, সবটাই উঠে আসবে।

'পদাতিক' প্রসঙ্গে পরিচালকের কথায়, "কালজয়ী পরিচালক মৃণাল সেনের জীবনের ওপর নির্ভর করে তৈরি হয়েছে এই ছবিটি। এখানে তাঁর কাজ, সিনেমার ওপর তাঁর প্রবন্ধ, স্ত্রী-পুত্রের সঙ্গে তাঁর সম্পর্ক, সহকর্মীদের সঙ্গে বিশেষত সত্যজিৎ রায়ের সঙ্গে তাঁর সম্পর্ক সবটাই উঠে আসবে।"

ছবি নিয়ে নানা চর্চার মাঝেই নতুন খবর দিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় 'পদাতিক'-এর সেট থেকে চঞ্চল চৌধুরী'র একটি ছবি শেয়ার করে সৃজিত জানান, ছবিটি দ্য নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল-এ সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছে। এই সম্মান 'পদাতিক'-এর জন্য বিশেষ কৃতিত্ব প্রমাণ করছে বলে দাবি ছবির কলাকুশলীদের। বড়পর্দায় সাদা কালো ফ্রেমে মৃণাল সেন'কে দেখার জন্য তাই আরও উদগ্রীব দর্শক।