তটিনীর চালচলনের উপর অনেকদিন আগে থেকেই নজরদারি চালাচ্ছিল পরশুরাম। সে বুঝতে পারছিল তার অজান্তে তটিনী গোপন পরিচয় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এবার পরশুরামের সব সন্দেহ সত্যি হল। বিজিত লাহিড়ী তটিনীর বোনকে কিডন্যাপ করে পালাচ্ছিল। আর ঠিক সেই সময় পরশুরামের টিম তাদের পিছনে ধাওয়া করে। সম্প্রতি সামনে আসা ধারাবাহিকের নতুন প্রোমোয় এমনটাই দেখা যাচ্ছে। 

ঠিক এরকমই আসে বিরাট চমক। বিজিতদের সামনে এসে দাঁড়ায় একটা বড় গাড়ি। আর সেই গাড়িতে বসে তটিনী। তবে তটিনীর এই লুক দেখে তাকে যেন চেনাই যাচ্ছে না। তটিনী, বিজিতদের তাড়াতাড়ি গাড়িতে উঠতে বলে। বিজিতরাও প্রথমে অবাক হলে পরে তার গাড়িতে উঠে পালায়। চোখের সামনে তটিনীর এই কাজ দেখে অবাক হয়ে যায় পরশুরাম। প্রথমে নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারে না সে। তটিনীর আসল পরিচয় জানতে যেন এবার আরও মরিয়া সে।

ক'দিন আগেই ধারাবাহিকে নতুন মোড় এসেছিল। দেখা গিয়েছিল, পরশুরাম তাদের এজেন্সির গোপন অফিসে বসে একটা ভিডিও দেখছে। আসলে সেই ভিডিও তাকে তার সহকর্মীরাই দেখাচ্ছে। ভিডিওতে দেখা যায় তটিনী একটা পার্টিতে এসেছে। সেখানে সে মদ্যপান করছে, ক্রিমিনালদের সঙ্গেও মিশছে‌! এদিকে, এক ঝলক দেখা যায় তটিনীর দিদি নন্দিনীকেও। 

পরশুরাম এই ভিডিও দেখে অবাক হয়ে যায়। সে ভাবে, তটিনী কীভাবে এরকম করবে? দশ বছর যে মানুষটার সঙ্গে সে সংসার করেছে তাকে চিনতে এতটা ভুল করল পরশুরাম? তার এসব ভাবনার মধ্যেই পরশুরামের টিম জানায় এই ভিডিওর সত্যতা যাচাই করে তারা দেখেছে, তাতে প্রমাণিত এটা এআই জেনেরেটেড নয়। এই কথা শুনে আরও রেগে যায় পরশুরাম। নিজের উপর নিয়ন্ত্রণ না রাখতে পেরে সহকর্মীদের উপর চড়াও হয়। 

এদিকে, এর আগে তটিনীকে বহুবার দর্শক পিস্তল হাতে দেখেছেন। এমনকী পরশুরামের হেড কোয়ার্টারের সঙ্গেও তার যোগাযোগ আছে। প্রথমদিকে দর্শক মনে করেছিল তটিনীও পরশুরামের মতোই পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরতা। কিন্তু গল্পের নতুন টুইস্টে কি তটিনীর অন্য পরিচয় সামনে আসবে? কী হতে চলেছে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।