আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...।
বিজয়-তৃষার বিয়ে নিয়ে বিস্ফোরক রাখি
দক্ষিণের সুপারস্টার থালাপথি বিজয় এবং তৃষা কৃষ্ণানের সম্পর্কের গুঞ্জন এখন তুঙ্গে। ফ্যান থেকে শুরু করে বিনোদন দুনিয়া—সবার মুখেই এখন এই চর্চা। তবে এবার এই বিতর্কে ঘি ঢাললেন বলিউডের ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত। বরাবরই ঠোঁটকাটা স্বভাবের রাখি এবার সরাসরি এই চর্চিত জুটিকে বিয়ের পরামর্শ দিয়ে বসলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাখি জানান, বিজয় এবং তৃষার রসায়ন তাঁর দারুণ পছন্দ। তাঁদের সম্পর্কের খবর শুনে রাখি বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, “আমার মনে হয়, বিজয় ও তৃষার বিয়ে করে নেওয়া উচিত। আমি ওদের মেহন্দি অনুষ্ঠানে যাব। এই প্রথম কোনও খ্রিস্টান ব্যক্তি তামিলনাড়ুতে এত আসন পেয়ে জিতেছেন। আমি ব্যক্তিগত ভাবে বিজয়কে খুবই পছন্দ করি। বিজয়ের সঙ্গে একটি গানে কাজ করা আমার স্বপ্ন ছিল। কিন্তু তখন সুযোগ পাইনি। কিন্তু এখন মনে হচ্ছে, ওঁর দলে আমার যোগ দেওয়া উচিত।”
আলিয়াকে কেন ভয় পায় রাহা?
রণবীর। কাপুর ও আলিয়া ভাটের মেয়ে রাহাকে ঘিরে অনুরাগী মহলে কৌতূহলের শেষ নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে নীতু কাপুর তাঁর নাতনি রাহার স্বভাব এবং মা-বাবার সঙ্গে তার সম্পর্কের রসায়ন নিয়ে বেশ কিছু মজার ও চাঞ্চল্যকর তথ্য শেয়ার করেছেন, যা নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল। নীতু কাপুর জানান, ছোট্ট রাহা এখন থেকেই বেশ ব্যক্তিত্বময়ী। তবে মা আলিয়া ভাটের প্রতি তার এক অদ্ভুত ভয় মিশ্রিত শ্রদ্ধা রয়েছে। নীতুর কথায়, "রাহা তার মা আলিয়াকে একটু বেশিই ভয় পায়।" অন্যদিকে, বাবা রণবীর কাপুরের সঙ্গে রাহার সম্পর্ক একেবারেই অন্যরকম। নীতু জানান, রণবীর ও রাহা যেন পরস্পরের খুব ভাল বন্ধু।
কবে আসছে 'কল্কি ২'?
প্রভাস অভিনীত 'কল্কি ২৮৯৮ এডি'-র ব্লকবাস্টার সাফল্যের পর এবার এই ছবির পরবর্তী অধ্যায় নিয়ে প্রস্তুতি শুরু করেছেন নির্মাতারা। পরিচালক নাগ অশ্বিনের নির্দেশনায় সিক্যুয়েলটির কাজ বর্তমানে বেশ জোরকদমে এগোচ্ছে। ২০২৭ সালের ডিসেম্বরে এই বিগ বাজেট সিনেমাটি বড়পর্দায় মুক্তি পাওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা। জানা যাচ্ছে, ছবির একটি বড় অংশের শুটিং আগামী বছরের এপ্রিল মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান এবং সাই পল্লবীর মতো তারকারা আগামী এপ্রিলের মধ্যেই তাঁদের শিডিউলের কাজ সম্পন্ন করবেন বলে জানা গিয়েছে। যেহেতু এটা একটা সায়েন্স-ফিকশন ছবি এবং এতে প্রচুর পরিমাণে ভিএফএক্স ও উন্নত প্রযুক্তির কাজ রয়েছে, তাই নির্মাতারা পোস্ট-প্রোডাকশনের জন্য অনেকটা সময় হাতে রাখতে চাইছেন। সব মিলিয়ে, 'কল্কি'-র সিক্যুয়েল চমক নিয়ে আসছে দর্শকের জন্য।















