আজকাল ওয়েবডেস্ক:‌ তাপপ্রবাহে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে রাজস্থান হাইকোর্ট। তাপপ্রবাহ ও শৈত্যপ্রবাহকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করার প্রয়োজন আছে বলে আদালতের অভিমত।
 পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে স্বতঃপ্রণোদিত হয়ে হাইকোর্ট রাজস্থানের মুখ্যসচিবকে বিভিন্ন দপ্তরের জন্য অবিলম্বে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। যাতে তারা রাজ্যের জলবায়ু পরিবর্তন প্রকল্পের আওতায় তাপপ্রবাহ সংকান্ত পরিকল্পনা কার্যকরভাবে রূপায়নের উপযুক্ত পদক্ষেপ নিতে পারে। প্রসঙ্গত, রাজস্থানে তাপপ্রবাহের জেরে হিটস্ট্রোকের সংখ্যা ইতিমধ্যেই প্রায় ৪,০০০। অনেকের মৃত্যুও হয়েছে। তাপমাত্রা ৫০ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। এই অবস্থায় আদালতের এই রায় যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এদিকে, শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে রাজস্থানে।