আজকাল ওয়েবডেস্ক: সাধারণ মানুষের কাছে দ্রুত ও সরাসরি সরকারি সাহায্য ও পরিষেবা পৌঁছে দিতে 'মুখ্যমন্ত্রী সমীপেষু' কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বুধবার আগরতলার টি.আই.এফ.টি.-তে আয়োজিত মুখ্যমন্ত্রী সমীপেষুর ৬৬তম পর্বে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা ভার্চুয়ালি ধলাই জেলার বিভিন্ন প্রান্তের মানুষের সমস্যার কথা শোনেন এবং তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দেন। এদিন থেকেই মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে ভার্চুয়াল মাধ্যমে জেলার মানুষের অভিযোগ ও সমস্যা শোনার নতুন উদ্যোগ চালু হয়।
কর্মসূচিতে মুখ্যমন্ত্রী বলেন, ধলাই জেলার প্রত্যন্ত এলাকার জনজাতি পরিবার সহ ৩০ জন দুঃস্থ মানুষের চিকিৎসা ও অন্যান্য সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও দূরবর্তী এলাকার মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দিতে এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে মুখ্যমন্ত্রী জানান। পাশাপাশি রাজ্য সরকার জাতি ও জনজাতি অংশের মানুষের সমস্যা সমাধানে অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি।
এদিন ধলাই জেলার জেলাশাসক কার্যালয় থেকে বিভিন্ন এলাকার সাহায্যপ্রার্থীরা ভার্চুয়ালি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। তাদের চিকিৎসা, ভাতা, জমি, বিদ্যুৎ, রেগার কাজ ও কৃষিজমি সংক্রান্ত নানা সমস্যার কথা শোনেন মুখ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
বিভিন্ন এলাকার বহু মানুষ চিকিৎসা, ঘর, জমি, বিদ্যুৎ ও সামাজিক ভাতার সমস্যার কথা তুলে ধরেন। ধলাই জেলার পাশাপাশি পশ্চিম জেলার মানুষেরা বিভিন্ন সমস্যা নিয়ে সরাসরি উপস্থিত থেকে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায়, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস, মুখ্যমন্ত্রীর অতিরিক্ত সচিব সমিত রায়চৌধুরী সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। ভার্চুয়াল পর্বে আমবাসার জেলাশাসক কার্যালয় থেকেও ধলাই জেলার জেলাশাসক বিবেক এইচ. বি. এবং জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।















