আজকাল ওয়েবডেস্ক: তিন ম্যাচের টেস্ট সিরিজে ০-২ এ পিছিয়ে ভারত। ইতিমধ্যেই সিরিজ হাতছাড়া হয়ে গিয়েছে। ওয়াংখেড়েতে মর্যাদার লড়াই। জয় ছাড়া কোনও বিকল্প নেই রোহিতদের সামনে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াইয়ে টিকে থাকতে হলে মুম্বই টেস্ট জিততেই হবে। তবে ভারত-নিউজিল্যান্ড চূড়ান্ত টেস্টের আগে পিচের ধরনে বড় পরিবর্তন হতে পারে। বেঙ্গালুরুতে প্রথম টেস্টে দাপট ছিল পেসারদের। দ্বিতীয় টেস্টে আধিপত্য ছিল স্পিনারদের। তবে ওয়াংখেড়ের পিচ অন্যরকম হবে। বোলার নয়, ব্যাটিং সহায়ক উইকেট বানানো হচ্ছে। প্রথম দিন পিচ থেকে সাহায্য পাবে ব্যাটাররা। একটি রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ে স্পোর্টিং পিচ বানানো হবে। উইকেটে হালকা ঘাসও থাকবে। দ্বিতীয় দিনের আগে পিচ থেকে সাহায্য পাবে না স্পিনাররা। 

মুম্বই ক্রিকেট সংস্থার এক সূত্র জানান, 'স্পোর্টিং পিচ হবে। এই মুহূর্তে উইকেটে হালকা ঘাস আছে। প্রথম দিন পিচ ব্যাটিং সহায়ক হবে। তবে দ্বিতীয় দিন থেকে স্পিনাররা কিছুটা সুবিধা পাবে।' ওয়াংখেড়েতে ভারত-নিউজিল্যান্ড শেষ সাক্ষাতে কী হয়েছিল? ২০২১ সালের ডিসেম্বরে দুই দল মুখোমুখি হয়। ৩৭২ রানে জিতেছিল টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ৬২ রানে শেষ হয়ে যায় কিউয়িদের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ১৬৭ রান করে। উইকেট থেকে সাহায্য পায় স্পিনাররা। ম্যাচে ৮ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। ইতিহাস সৃষ্টি করেন নিউজিল্যান্ডের আজাজ প্যাটেল। প্রথম ইনিংসে ১০ উইকেটই তুলে নেন তিনি। দ্বিতীয় ইনিংসে আরও চারটে তুলে নেন। কিন্তু দলকে বাঁচাতে পারেননি। মুম্বই টেস্টে তিন বছর আগের পুনরাবৃত্তি ঘটাতে চাইবে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে থাকতে হলে আর কোনও উপায় নেই রোহিতদের।