আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’ নিলামকে ঘিরে বড়সড় বিতর্কে জড়িয়ে পড়ল সানরাইজার্স লিডস ফ্র্যাঞ্চাইজি। ১২ মার্চ প্রথম দফার নিলাম ছিল।
এই নিলামকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড বড় মাইলফলক হিসেবে তুলে ধরতে চাইলেও, তা ঘিরে তৈরি হয়েছে ভারতজুড়ে তৈরি হয়েছে বড় বিতর্ক।
সান গ্রুপের মালিকানাধীন ‘সানরাইজার্স লিডস’ পাকিস্তানের মিস্ট্রি স্পিনার আবরার আহমেদকে দলে নেওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
প্রায় ১ লক্ষ ৯০ হাজার পাউন্ড (প্রায় ২.৩৪ কোটি টাকা) দিয়ে আবরারকে দলে নিয়েছে সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজি। এই চুক্তি বিশেষ তাৎপর্যপূর্ণ।
কারণ, বহু বছর পর কোনও ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি সরাসরি পাকিস্তানের হয়ে খেলা আন্তর্জাতিক ক্রিকেটারকে দলে নিল।
যুক্তরাজ্যে এই সিদ্ধান্তকে যোগ্যতার ভিত্তিতে খেলোয়াড় বেছে নেওয়ার উদাহরণ হিসেবে প্রশংসা করা হলেও, ভারতে বহু ক্রিকেটপ্রেমীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অনেকেই সামাজিক মাধ্যমে সানরাইজার্স ব্র্যান্ড বয়কটের ডাক দিয়েছেন।
‘দ্য হান্ড্রেড’-এর আট দলের এই টুর্নামেন্ট আগামী ২১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে। এই বিতর্কের পিছনে মূল কারণ আবরার আহমেদের ২০২৫ সালের মাঝামাঝি সময়ে করা কয়েকটি সোশ্যাল মিডিয়া পোস্ট।
সীমান্তে উত্তেজনার সময় তিনি এমন কিছু পোস্ট করেছিলেন বলে অভিযোগ ওঠে যা ভারতীয় সেনাবাহিনীকে ব্যঙ্গ করে করা হয়েছে বলে দাবি করছেন অনেক ভারতীয় সমর্থক।
আবরারকে দলে নেওয়ার খবর সামনে আসতেই এক্স হ্যান্ডেলে #ShameOnSRH এবং #BoycottSunrisers হ্যাশট্যাগ ট্রেন্ড করতে শুরু করে।
সমালোচকদের দাবি, যে ক্রিকেটার ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে মন্তব্য করেছিলেন, তাকে মোটা অঙ্কের চুক্তিতে দলে নিয়ে ফ্র্যাঞ্চাইজির মালিকরা দেশের অনুভূতিকে অগ্রাহ্য করেছেন।
অনেকে আবার সানরাইজার্স ব্র্যান্ডের মুখ কাব্যা মারানকেও কড়া সমালোচনা করেছেন। বৃহস্পতিবার লন্ডনে অনুষ্ঠিত নিলামে তিনি আবরার আহমেদের জন্য বিড করেন বলেও অভিযোগ উঠেছে।
সোশ্যাল মিডিয়ায় এক ব্যবহারকারী লিখেছেন, ‘বহু বছর ধরে দেশের প্রতি সম্মান দেখিয়ে ভারতীয় দলগুলো পাকিস্তানি ক্রিকেটারদের এড়িয়ে চলেছে।
কিন্তু বিদেশি লিগে টাকা এলেই সেই অবস্থান বদলে যায়। ভারতীয় মালিকানা, ভারতীয় ব্র্যান্ড, কিন্তু দেশের বাইরে অবস্থান অন্যরকম।’
গত কয়েক মাস ধরে জল্পনা ছিল, ‘দ্য হান্ড্রেড’-এর চারটি ভারতীয় মালিকানাধীন দল, সানরাইজার্স লিডস, এমআই লন্ডন, ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টস এবং সাদার্ন ব্রেভ, পাকিস্তানি ক্রিকেটারদের এড়িয়ে চলার এক অলিখিত নীতি মেনে চলবে।
দক্ষিণ আফ্রিকার এসএ-টোয়েন্টি ও সংযুক্ত আরব আমিরশাহির আইএলটি-টোয়েন্টি লিগেও আইপিএল মালিকানাধীন দলগুলিকে পাকিস্তানি ক্রিকেটারদের জন্য বিড করতে দেখা যায়নি।
তবে নিলামের আগের দিন ইসিবি সব ফ্র্যাঞ্চাইজিগুলিকে সতর্ক করে, ব্যক্তিগত সম্পর্ক বা অন্য কোনও কারণের ভিত্তিতে কোনও খেলোয়াড়কে বাদ দিলে তা যুক্তরাজ্যের বৈষম্যবিরোধী আইনের বিরুদ্ধে।
বৃহস্পতিবারের নিলামের প্রথম দফায় বড় নাম যেমন হারিস রউফ, শাদাব খান এবং সাইম আয়ুব অবিক্রিত থাকলেও, শেষ পর্যন্ত সানরাইজার্স লিডসের সিইও কাব্যা মারান ট্রেন্ট রকেটসকে টপকে আবরার আহমেদকে দলে নেন।
