আজকাল ওয়েবডেস্ক: যুবরাজ সিংয়ের আন্তর্জাতিক ক্রিকেটজীবন বরবাদ করার জন্য বারংবার এমএস ধোনিকে দায়ী করেন যোগরাজ সিং। দু'জনের মধ্যে তিক্ততার কথা বারবার তুলে ধরেন। ক্রমাগত দেশের অন্যতম সেরা অধিনায়কের সমালোচনা করেন। গোটা ঘটনার মোড় ঘুরিয়ে দিলেন সন্দীপ পাতিল। প্রাক্তন মুখ্য নির্বাচক জানান, ধোনি কখনও যুবরাজকে বাদ দেওয়ার কথা বলেননি। একটি ইউ টিউব চ্যানেলে সন্দীপ পাতিল বলেন, 'কখনও যুবরাজকে বাদ দেওয়ার কথা বলেননি মহেন্দ্র সিং ধোনি। একবারের জন্যও না। কোনও নির্বাচনী বৈঠক, কোনও সফরেও না। আমি এটা জোর গলায় বলতে পারি। নির্বাচক কমিটির ওপর ওর পূর্ণ আস্থা ছিল। ও কিছুই বলেনি।'
যোগরাজের মন্তব্য প্রসঙ্গে পাতিল জানান, একজন বাবা তাঁর ছেলের ভালোর জন্য কিছু বলতেই পারেন। কিন্তু ভুল জায়গায় আঙুল তুলেছেন। সন্দীপ পাতিল বলেন, 'একজন বাবার ছেলের প্রতি মনোভাব ভুল নয়। তবে ভুল জায়গায় দোষ দেওয়া হচ্ছে।' বিতর্কিত চরিত্র যোগরাজ। প্রায়ই আলটপকা মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেন। মাস তিনেক আগে অর্জুন তেন্ডুলকর প্রসঙ্গে যুবরাজ সিংয়ের বাবা যোগরাজের এক মন্তব্য নিয়ে বেশ আলোচনা হয়েছিল। তিনি বলেছিলেন, শুধু বোলিং করিয়ে নষ্ট করা হচ্ছে ক্রিকেট ঈশ্বরের পুত্রকে। তাঁকে ব্যাটিং করতে দেওয়া উচিত।
তারও আগে, যোগরাজ বলেছিলেন, 'অর্জুন তেন্ডুলকর যদি আমার কাছে এখন আসে, আমি ওকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান বানিয়ে দেব ছ'মাসের মধ্যে। ওর ব্যাটের হাত কত ভাল, তা অনেকেই জানেন না। ও আমার সঙ্গে ১২ দিন ছিল, রঞ্জি ট্রফির অভিষেকে শতরান করে অর্জুন।' কীভাবে শচীনপুত্রর দায়িত্ব নিয়েছিলেন যোগরাজ, সেই কথা উঠে এসেছিল এক সাক্ষাৎকারে। যোগরাজ সেখানে বলেছিলেন, 'শচীন আর যুবরাজ এসে আমাকে অনুরোধ করে অর্জুন তেন্ডুলকরের দায়িত্ব নেওয়ার জন্য। আমার সঙ্গে ১০-১২ দিন ছিল। আমার মতে, অর্জুন দুর্দান্ত একজন ব্যাটার। ওকে কেন বোলিংয়ে ফেলে রাখা হয়েছে? বোলিং করিয়ে ওর মতো প্রতিভাকে কেন নষ্ট করা হচ্ছে?' বাইশ গজে এখনও তেমন সুনাম অর্জন করতে পারেননি। ঢাকা পড়েছেন তারকা বাবার ছায়ায়। তবে বাগদানপর্বে খবরের শিরোনামে উঠে আসেন অর্জুন।
