আজকাল ওয়েবডেস্ক: মুম্বই নগরীতে যখন মনে হচ্ছিল অকালেই রাত নেমে আসছে, ঠিক তখনই সূর্যকুমার যাদবের ব্যাট গর্জে উঠল। অন্ধকার সরিয়ে তাঁর ব্যাট এনে দিল আলোর রোশনাই। 

শেষ পর্যন্ত টিকে থেকে ৪৯ বলে ৮৪ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দিলেন ভারত অধিনায়ক। সেই সূর্য বলছেন ভারতের হেডস্যর গৌতম গম্ভীরের অবদানের কথা। তাঁকে দু'দণ্ড স্বস্তি দিয়েছিলেন ভারতের হেড কোচ। 

আমেরিকা-বধ সেরে সূর্য বলেন, ''আমি সবসময়ে মনে করি ব্যাটারকে ষে। পর্যন্ত টিকে থাকতে হয়। কখনওই মনে হয়নি এই উইকেটে ১৮০-১৯০  রান হবে। মনে হয়েছিল ১৪০-এর কাছাকাছি রান হবে। গৌতি  ভাই ১৪ ওভারের পরে ব্রেকে আমাকে একই কথা বলেন। গৌতি ভাই বলেছিলেন, শেষ পর্যন্ত ব্যাট করার চেষ্টা করে যাও। যে কোনও মুহূর্তে রান তুলে দিতে পারবে। সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হল বোম্বেতে আমি প্রচুর ক্রিকেট খেলেছি এই উইকেটে। এই ধরনের উইকেটে কীভাবে ব্যাট করতে হয়, তা  আমার জানা।'' 

শনিবার আমেরিকার বিরুদ্ধে শুরুটা ভাল হয়নি ভারতের। শুরুতেই উইকেট খোয়ায় ভারত। সেই সময়ে চাপে পড়ে গিয়েছিলেন সূর্য স্বয়ং।  তিনি বলেন, ''৭৭ রানে ৬ উইকেট যখন ছিল, তখন কী পরিমাণ চাপ অনুভব করছিলাম বলার নয়। কিন্তু সেই সময়ে আমার মধ্যে এই বিশ্বাস ছিল যে এরকম কঠিন মুহূর্তে আমি আগেও ব্যাট করেছি। আমার এই বিশ্বাস ছিল যে শেষ মুহূর্ত পর্যন্ত ব্যাট করতে পারলে  আমি পার্থক্য গড়ে দিতে পারব। আরও ভাল ব্যাটিং কী ভাবে করা যায়, তা আজ শিখলাম। ছোট ছোট পার্টনারশিপ আমাদের   ১৬০-এ নিয়ে গেল। তবে এখনও অনেক ম্যাচ বাকি রয়েছে। পরের ম্যাচের আগে পাঁচদিন সময় আছে। আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব।'' 

প্রথম ম্যাচ জিতে কথা দিলেন সূর্যকুমার যাদব। মুম্বইয়ে জিতে ভারত যাচ্ছে রাজধানীতে। সেখানে তাদের জন্য  অপেক্ষা করছে  নামিবিয়া।