আজকাল ওয়েবডেস্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে নাটকীয়তা আরও বাড়ল। ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট মহলে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।
জানা গিয়েছে, এই জটিল পরিস্থিতির সমাধান খুঁজতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে লাহোরে পৌঁছেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিশ্বকাপের আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমর্থনে বিসিবি নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে দল পাঠাতে অস্বীকার করে। এর পরিবর্তে বাংলাদেশ তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের আনুষ্ঠানিক আবেদন জানায়। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বিশেষ কমিটি গোটা পরিস্থিতি বিচার করে জানায়, ভারতে নিরাপত্তা যথেষ্ট ভাল। ফলে, বাংলাদেশের অভিযোগ খারিজ হয়ে যায়।
বাংলাদেশের প্রস্তাব নাকচ করে আইসিসি। নির্ধারিত সময়সীমার মধ্যে অংশগ্রহণ নিশ্চিত করতে না পারায়, শেষ পর্যন্ত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের জায়গায় গ্রুপ ‘সি’-তে অন্তর্ভুক্ত করা হয় স্কটল্যান্ডকে। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে এই বিতর্কে নতুন মাত্রা যোগ করে পাকিস্তান।
পাকিস্তান সরকার এবং পিসিবি প্রকাশ্যে বাংলাদেশের সমর্থনে এগিয়ে এসেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিশ্চিত করেছেন, পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারি নির্ধারিত ম্যাচটি বয়কট করার নির্দেশ দিয়েছে জাতীয় দলকে।পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়াকে ‘অন্যায়’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছেন।
তাঁর মতে, কোনও ক্রিকেট বোর্ডকেই এমন স্থানে খেলতে বাধ্য করা উচিত নয়, যেখানে তারা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এবার বিসিবি ও পিসিবির বৈঠকের পর দুই বোর্ডই আইসিসি কর্তাদের সঙ্গে আলোচনায় বসতে পারে বলে ইঙ্গিত মিলেছে। এই পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, সেদিকেই এখন তাকিয়ে গোটা ক্রিকেট বিশ্ব।
