আজকাল ওয়েবডেস্ক: সোমবারের পর, মঙ্গলবার। দিল্লির রাজপথে দাঁড়িয়ে ফের এসআইআর নিয়ে সুর চড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বাংলার মুখ্যমন্ত্রীর গলায়, বাংলার মেয়েদের কথা। একহাত নিলেন নির্বাচন কমিশনকে, নিশানায় জ্ঞানেশ কুমারও।
সোমবারেও, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর, সফর সঙ্গী অভিষেক এবং এসআইআর আতঙ্কে মৃত পরিবারের সদস্য এবং এসআইআর তালিকায় মৃত অথচ জীবিত, বেশ কয়েকজন সদস্যকে নিয়ে দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুর চড়িয়েছিলেন। সোমের পর, মঙ্গলবারেও, তাঁদের নিয়ে ফের সাংবাদিকদের মুখোমুখি হন মমতা ব্যানার্জি।
প্রথম পর্বে ৫৮ লক্ষ নাম বাদ পড়েছে। তাঁদের নিজেদের স্বপক্ষে বভলার সুযোগ দেওয়া হয়নি বলে এদিন ফের সুর চড়ান মমতা। প্রসঙ্গ তোলেন সীমা খান্নার। তোপ দাগের এআই নিয়ে। অভিযোগ, এআই দিয়ে, বাদ দেওয়া হচ্ছে নাম।
নিজের কেন্দ্র, ভবানীপুর নিয়েও এদিন মমতা বলেন, 'আমার বিধানসভায় প্রায় ২ লক্ষা মতো ভোটার রয়েছে। তথ্য অসংগতি দেখিয়ে ৪৫ হাজারের নাম বাদ দিয়েছে। ইআরওরা জানেই না। বিজেপির বিধানসভা কেন্দ্রে কম নাম বাদ যাচ্ছে। তৃণমূলের বিধানসভা কেন্দ্রে ৮০ হাজার, এক লক্ষের মতো নাম বাদ দিতে চাইছে কমিশন।'
বাংলার মুখ্যমন্ত্রী এদিন ফের বলেন, বিজেপি বাংলায় ভোটে জিততে না পেরে নানা পন্থা অবলম্বন করছে। বক্তব্যে মনে করালেন গান্ধীজিকেও। বলেন, 'সাতচল্লিশে যখন দাঙ্গা হচ্ছিল গান্ধীজি বাংলায় ছিলেন। আমরা সবাইকে সম্মান করি। ওরা বাংলাকে ভোটে জিততে পারে না, তাই এসব করছে।'
