আজকাল ওয়েবডেস্ক: ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ও রোহিত শর্মার বন্ধুত্বের কথা সবারই জানা। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই বন্ধুর আখ্যানের ছবি আরও একবার দেখা গেল। 

শনিবার বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে টস না করেই সূর্যকুমার যাদব ছুটে গেলেন রোহিতের দিকে। রোহিত তখন মাঠের ভিতর দিয়ে যাচ্ছিলেন। টসের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অধিনায়কের সঙ্গে পিচের ধারে দাঁড়িয়ে সূর্য। ঠিক সেই সময়ে হিটম্যানকে দেখে সূর্য সব ফেলে ছুটলেন রোহিতের কাছে। দু'জনে হাত মেলালেন। তার পরে রোহিত চলে গেলেন নিজের গন্তব্যে। আর সূর্যকুমার যাদব পৌঁছে গেলেন টস করতে। 

সেই দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। রোহিত ও সূর্যর বন্ধুত্বের ছবি আরও একবার দেখল ওয়াংখেড়ে স্টেডিয়াম। 

 

?ref_src=twsrc%5Etfw">February 7, 2026

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারত জয় ছিনিয়ে নেয়। এই জয়ের আসল কারিগর ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ৪৯ বলে ৮৪ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দিলেন ভারত অধিনায়ক। মুম্বই নগরী ফিরে আসতে জানে। জানে ঘুরে দাঁড়াতে। সূর্যকুমার যাদবও মুম্বইয়ের ছেলে। একসময়ে তাঁকে নিয়ে সংশয়-সন্দেহ দানা বেঁধেছিল। কিন্তু মোক্ষম সময়ে সূর্যকুমার যাদব দেখালেন, তিনিই আসল বস। সূর্যকুমার যাদব জ্বলে  ওঠায় ভারত  ভদ্রস্থ রান করে। 

মার্কিন যুক্তরাষ্ট্র রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে। মাঝে কিছুটা লড়লেও, ম্যাচ অনেক আগেই ঢলে পড়েছিল ভারতের সাজঘরে। শেষমেশ মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে বেগ দিলেও প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করল ভারত। পরের ম্যাচ রাজধানীতে। ভারতের জন্য অপেক্ষা করছে নামিবিয়া। তার আগে প্রয়োজনীয় বিশ্রাম পেয়ে যাচ্ছে সূর্যের ছেলেরা।